মোহামেডান ও ভিক্টোরিয়া ক্লাব থেকে রাসেল খান বাপ্পিকে স্থায়ীভাবে অব্যাহতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫
মোহামেডান ও ভিক্টোরিয়া ক্লাব থেকে রাসেল খান বাপ্পিকে স্থায়ীভাবে অব্যাহতি

হকি কোচ (গোলরক্ষক) রাসেল খান বাপ্পি-কে ক্লাবের সকল প্রকার কার্যক্রম থেকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এবং ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। ‘অপ্রীতিকর ও অনৈতিক কার্যকলাপে’র সাথে সম্পৃক্ত হয়ে ক্লাবের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ক্লাবের পরিচালক এবং হকি কমিটির চেয়ারম্যান মো. মঞ্জুর আলম মঞ্জুর স্বাক্ষরিত চিঠিতে এ অব্যাহতিপত্রের চিঠি ইস্যু করা হয়েছে।

অব্যাহতিপত্রে বলা হয়, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ও অনৈতিক কার্যকলাপে সাথে সম্পৃক্ত হয়ে ক্লাবের ভাবমূর্তি নষ্ট করেছে। সেই সাথে ক্লাবকে পূঁজি করে মতিঝিল ক্লাব পাড়ায় তার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।

ক্লাবের হকি গোলরক্ষক কোচ হিসেবে তার এমন আচরণ ক্লাব গঠনতন্ত্র ও আচরণবিধির গুরুতর লঙ্ঘন হিসেবে গণ্য হয়েছে।

তার (রাসেল খান বাপ্পি) বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় ক্লাব হকি কমিটির সিদ্ধান্তক্রমে ক্লাবের সকল প্রকার কার্যক্রম থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।

মোহামেডান স্পোর্টিং ক্লাব ছাড়াও ‘ক্লাবের অর্থ ও মালামাল আত্মসাতের অভিযোগের ভিত্তিতে’ ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের দপ্তর সম্পাদক পদ থেকে রাসেল খান বাপ্পিকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

একই সাথে বহিষ্কারের চিঠিতে আগামী তিনদিনের মধ্যে ক্লাবের কাছে ‘আত্মসাৎকৃত অর্থ ও মালামাল’ ফেরত দিতে বলা হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।

বিষয়টি নিয়ে স্পোর্টসমেইলকে রাসেল খান বাপ্পি বলেন, “চিঠিটি আমি অফিসিয়ালিভাবে এখনো পাইনি। হোয়াটসঅ্যাপ ও ভিন্ন মাধ্যমে দেখেছি। এটা (অভিযোগ) সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমি আইনি ব্যবস্থা নেব।”


বিষয়ঃ

শেয়ার করুন :