বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটি সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের স্বেচ্ছাচারিতায় ঘটিত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। একই সঙ্গে বিএনপি ক্ষতমায় গেলে বিসিবির নির্বাচনে আসিফ মাহমুদের ‘হস্তক্ষেপ’ তদন্ত করে আইনী ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন তিনি।
আমিনুল হক বলেন, “বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি অত্যন্ত প্রশ্নবিদ্ধ ক্রিকেট বোর্ড তৈরি হয়েছে। একজন সাবেক অনভিজ্ঞ ক্রীড়া উপদেষ্টার (আসিফ মাহমুদ) স্বেচ্ছাচারিতার কারণে আজ ক্রিকেট বোর্ড কলঙ্কিত। তাদের ভুল নীতি আর ব্যক্তিগত স্বার্থের কারণে দেশের ক্রিকেটের অপূরণীয় ক্ষতি হচ্ছে।”
জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে সোমবার (২৬ জানুয়ারি) পঞ্চম দিনে মিরপুর-৬ এলাকায় গণসংযোগ করেছেন আমিনুল হক। এ সময় দেশের ক্রীড়াঙ্গন, বিশেষ করে ক্রিকেট বোর্ডের বর্তমান অবস্থা নিয়ে সমালোচনা করেন তিনি।
দেশের ক্রিকেট বোর্ডের বর্তমান নেতৃত্ব ও গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আমিনুল হক বলেন, “ক্রিকেট কূটনীতির অভাবের কারণে বাংলাদেশ দল আজ নিরাপত্তা জটিলতায় পড়ছে। নিরাপত্তা পাওয়া আমাদের অধিকার, দেশের স্বার্থ আগে। কিন্তু আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে সঠিক কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সংকট সমাধান করতে বর্তমান বোর্ড ব্যর্থ হয়েছে। তাদের এই অনভিজ্ঞতার দায়ভার পুরো দেশের ক্রিকেটকে বইতে হচ্ছে।”
তিনি বলেন, “ক্রিকেট বোর্ডে আমাদের সাবেক অনভিজ্ঞ ক্রীড়া উপদেষ্টা তিনি তার স্বেচ্ছাচারিতার মাধ্যমে এই ক্রিকেট বোর্ড তৈরি করে কলঙ্কিত করেছেন এবং আমার ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করেছেন। এটার পেছনে যারাই জড়িত থাকুন না কেন ভবিষ্যতে নির্বাচনের পরে, আল্লাহ যদি আমাদের কবুল করেন -এগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে।”
