পহেলা বৈশাখকে আরও রাঙাতে ঢাকায় অনুষ্ঠিত হবে ‘কিউট বৈশাখী ক্রীড়া উৎসব-১৪৩৩’। বৈশাখী ক্রীড়া উদযাপন কমিটির ব্যবস্থাপনায় এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কিউট) পৃষ্ঠপোষকতায় পহেলা বৈশাখে পল্টন ময়দানে দিনব্যাপী নানা ধরনের ক্রীড়া ইভেন্টের আয়োজন করা হবে।
বৈশাখ শুরুর দিন সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম।
মোট ১০টি ইভেন্টে প্রায় তিন শতাধিক ক্রীড়াবিদ এই ক্রীড়া উৎসবে অংশ নিবেন। ইভেন্টগুলো হলো- আরচ্যারি, কাবাডি, ভলিবল, প্যারা ইভেন্ট, সেপাক টাকরো, খো খো, কান্ট্রি গেমস, কুস্তি, লাঠি খেলা এবং বলি খেলা।
দেশীয় ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই উৎসবের লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা। অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে মেডেল প্রদান করা হবে।
বৈশাখী ক্রীড়া উৎসব উপলক্ষে বরিবার (১২ এপ্রিল) বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান উদযাপন কমিটির আহবায়ক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চেয়ারম্যান কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।
এ সময় মিডিয়া কমিটির আহবায়ক মো. রুবেল হোসেন ও বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক ঢালী উপস্থিত ছিলেন।
