বিসিবিতে বাপের দোয়া কমিটি করা হয়নি: সালাহউদ্দিন আহমদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩১ পিএম, ০৮ এপ্রিল ২০২৬
বিসিবিতে বাপের দোয়া কমিটি করা হয়নি: সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বাপ-মায়ের দোয়া কমিটি করা হয়নি; দেশের কৃতি ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সংসদ অধিবেশনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর মন্তব্যের প্রেক্ষিতে সংসদেই স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “অন্তর্বর্তী সরকারের সময় ক্রীড়া উপদেষ্টা সারাদেশের জেলা ক্রীড়া সংস্থা ও নিবন্ধিত ক্লাবগুলোতে প্রভাব বিস্তার করে বিসিবির কমিটি করে। কমিটি গঠন নিয়ে হাইকোর্টে রিট করা হলেও সেটি পেন্ডিং রাখা হয়।”

তিনি আরও বলেন, “তারই প্রেক্ষিতে বর্তমান গণতান্ত্রিক সরকার একটি তদন্ত কমিটি করে দেয়। নির্বাচনে কী কী অনিয়ম হয়েছে তা খুঁজে বের করতে। সেই কমিটি প্রতিবেদন দেওয়ার পর বোর্ড ভেঙে দেয়া হয়েছে, তারা জানিয়েছে অনিয়ম হয়েছে। পরে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির আহ্বায়ক কমিটি করা হয়েছে। এখানে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করিনি।”

এর আগে সংসদে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, বিসিবি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাই, এটা এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়ে গেছে।

তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর মঙ্গলবার (৭ এপ্রিল) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সাথে তামিম ইকবালের নেতৃত্বাধীয় ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি দেওয়া হয়। গঠিত অ্যাডহক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন করতে বলা হয়েছে।


বিষয়ঃ

শেয়ার করুন :