তিন টিভি এবং দুই ওটিটি-তে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৬ পিএম, ০৫ জুন ২০২৬
তিন টিভি এবং দুই ওটিটি-তে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

টিভিতে বাংলাদেশের দর্শকদের ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখা নিয়ে শঙ্কা তৈরি হলেও তা কেটে গেছে। শুধু শঙ্কা কেটে গেছে তা নয়, একসাথে দেশের তিনটি টেলিভিশন চ্যানেলে ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখতে পাবেন বাংলাদেশের দর্শকরা।

ফিফা বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি দেখবে দেশের সরকারি টিভি চ্যানেল বিটিভি। এছাড়া বেসরকারি দুটি চ্যানেল সময় টেলিভিশন এবং টি-স্পোর্টস।

দেশের তিনটি টেলিভিশন চ্যানেলের একটি কনসোর্টিয়াম ফিফার কাছ থেকে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছে।

সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘স্প্রিংবক প্রাইভেট লিমিটেড’ ফিফার কাছ থেকে বাংলাদেশের সম্প্রচার স্বত্ব কিনেছিল। তবে স্থানীয়ভাবে তা বিক্রি করতে ব্যর্থ হওয়ায় চুক্তি থেকে সরে দাঁড়ায় প্রতিষ্ঠানটি। ফলে টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহেরও কম সময় আগে বাংলাদেশে কার্যত কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠানই ছিল না।

ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখানো নিয়ে এমন জটিলতা নিরসনে বড় ভূমিকা পালন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। বিভিন্ন ক্রীড়া চ্যানেল, জাতীয় গণমাধ্যম, টেলিকম সংস্থা এবং একাধিক ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করেন তারা।

বাংলাদেশ থেকে তিনটি টেলিভিশন চ্যানেল ছাড়াও ডিজিটাল মাধ্যমেও বিশ্বকাপের ম্যাচগুলো দেখা যাবে। বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখানো হবে।



শেয়ার করুন :