কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের কোয়ার্টার-ফাইনাল লাইনআপ চূড়ান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ০৫ মে ২০২৬
কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের কোয়ার্টার-ফাইনাল লাইনআপ চূড়ান্ত

‘কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল’ টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে দ্য ডেইলি স্টার, স্টার নিউজ, চ্যানেল আই, দীপ্ত টিভি, ক্রিকফ্রেঞ্জি, দৈনিক কালের কণ্ঠ, দৈনিক যুগান্তর ও দৈনিক কালবেলা। মঙ্গলবার প্রি-কোয়ার্টার ফাইনালে তুমুল প্রতিদ্বন্দিতাপূর্ণ আটটি ম্যাচের তিনটির ফল আসে টাইব্রেকারে।

বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে দিনের প্রথম ম্যাচে হাড্ডাহাডি লড়াইয়ের পর গোলশূন্য ড্র থাকে স্টার নিউজ ও এখন টিভির ম্যাচ। পরে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জয় পায় স্টার নিউজ।

দলের গোলরক্ষক আশফাক উল মুশফিক ম্যাচ সেরা নির্বাচিত হন। অন্য ম্যাচে ঢাকা পোস্টকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারায় দ্য ডেইলি স্টার। ম্যাচসেরার পুরস্কার জেতেন গোলরক্ষক শামসুল আরেফিন আবির।

গোলের দেখা মেলেনি আর টিভি ও দীপ্ত টিভির মধ্যকার ম্যাচেও। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে শেষ আটে নাম লেখায় দীপ্ত টিভি। ম্যাচ সেরা হন মির্জা সাকিব। শেষ আটে পৌছাতে বাংলাভিশনকে ২-০ গোলে হারায় চ্যানেল আই। ম্যাচ সেরা নির্বাচিত হন আব্দুল্লাহ আল নওফেল।

জাগোনিউজ২৪কে ২-১ গোলে হারিয়েছে দৈনিক কালের কণ্ঠ। ম্যাচ সেরা নির্বাচিত হন তৌকির আহমেদ। চ্যানেল টোয়েন্টিফোরের বিপক্ষে ২-০ গোলে জয় পায় ক্রিকফ্রেঞ্জি। ম্যাচ সেরার পুরস্কার জেতেন কাওসার শান্ত।

দিনের আরেক প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচে এনটিভিকে ২-১ হারিয়েছে দৈনিক কালবেলা। ম্যাচ সেরা হন শাহরিয়ার। দিনের শেষ ম্যাচে দৈনিক বাংলাদেশ প্রতিদিনকে ৫-১ গোলে হারিয়ে দেয় দৈনিক যুগান্তর। জোড়া গোল করে ম্যাচ সেরা হন সাদ্দাম হোসেন ইমরান।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সাঈদ হাসান কানন, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য, বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু, বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু, বিএসজেএ সাবেক সভাপতি এটিএম সাইদুজ্জামান, সিনিয়র ক্রীড়া সাংবাদিক রানা হাসান ম্যাচ সেরার পুরস্কার প্রদান করেন।



শেয়ার করুন :