তৃণমূলের প্রতিভাবানরা ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: আমিনুল হক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৯ পিএম, ০৩ মে ২০২৬
তৃণমূলের প্রতিভাবানরা ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: আমিনুল হক

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বদরবারে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। রবিবার (৩ মে) বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনের সময় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জানান, দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাদের খুঁজে বের করতে 'নতুন কুঁড়ি স্পোর্টস' এক বিশেষ ভূমিকা পালন করবে এবং এ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত উচ্ছ্বসিত ও আশাবাদী।

প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এখন থেকে প্রতিটি জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলাধুলার মান এবং খেলোয়াড়দের সুযোগ-সুবিধার বিষয়টি নিবিড়ভাবে তদারকি করা হবে বলেও বলেন জানান তিনি।

ক্রীড়াঙ্গনের এই মহা আয়োজনে বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ড. জুবাইদা রহমানের ইতিবাচক সমর্থনের কথা উল্লেখ করে তিনি বলেন, ক্রীড়াঙ্গনের এই অগ্রযাত্রাকে টেকসই করতে সরকার বদ্ধপরিকর।

ক্রীড়া কূটনীতি বা ‘স্পোর্টস ডিপ্লোমেসি’র উপর বিশেষ গুরুত্বারোপ করে আমিনুল হক উল্লেখ করেন, এশীয় ও ইউরোপীয় দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশের ক্রীড়া খাতের সীমাবদ্ধতা দূর করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বিশেষ উইং খোলা হয়েছে।

ফুটবল উন্নয়নের প্রসঙ্গে তিনি জানান, বাফুফে তাদের প্রয়োজন অনুযায়ী যাচাই-বাছাই করে নতুন কোচ নিয়োগ দেবে এবং এ ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হলে ক্রীড়া মন্ত্রণালয় তা সমাধানে পাশে থাকবে।

এছাড়া কক্সবাজারে ফিফার অর্থায়নে একটি বিশ্বমানের ‘এক্সিলেন্স সেন্টার’ বা কমপ্লেক্স তৈরির জন্য জমি বরাদ্দের বিষয়টি নিয়ে ইতিমধ্যে দাপ্তরিক আলোচনা শুরু হয়েছে এবং দ্রুতই এর সমাধান করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

দেশের ক্রীড়া সাংবাদিকতাকে পেশাদারিত্বের সাথে এগিয়ে নেওয়ার জন্য বিএসজেএ-এর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন প্রতিমন্ত্রী।


বিষয়ঃ

শেয়ার করুন :