বিশ্বকাপের আগে দেশের মাটিতে দেশের ক্রিকেটকে লজ্জায় ফেলল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সফরকারী শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টি সিরিজে হয়েছে হোয়াইটওয়াশ।
ওয়ানডে সিরিজ হারার পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ২৫ ও ২১ রানে হারেন নিগার সুলতানার দল। শেষ ম্যাচে শেষ ওভারে ৩ রানে হারের মাধ্যমে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজ জয়ের পর যখন ট্রফি উদযাপন করেন সফরকারী শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল, তখন তড়িঘড়ি করে টিম হোটেলে ফেরার তাড়া চোখে পড়ে বাংলাদেশের খেলোয়াড়দের মাঝে।
বিশ্বকাপের আগে বাংলাদেশের এমন লজ্জাজনক সিরিজ হার হতাশা তৈরি করলেও, শ্রীলঙ্কানরা সিলেটে করেছেন উৎসব। স্পোর্টস মেইলের প্রতিবেদক মোশারফ হোসাইনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শ্রীলঙ্কা নারী দলের অধিনায়ক চামারি আতাপাত্তু আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ উপভোগ করার বার্তা দিয়েছেন।
সিরিজ জয়ে বেশি আনন্দ নাকি সিরিজের সেরা খেলোয়াড় হওয়ায়—প্রাপ্তি হিসেবে কোনটাকে এগিয়ে রাখবেন? এমন প্রশ্নে চামারি আতাপাত্তু বলেন, “সিরিজের সেরা খেলোয়াড় না হলেও সিরিজ জেতাটাই আনন্দের হতো। আমার কাছে মনে হয়, ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের অর্জন বড়। সিরিজটা জিতেছি—এটা দলের প্রাপ্তি, দেশের প্রাপ্তি। আর সিরিজ সেরা হওয়াটা আমার জন্য আলাদা একটি অর্জন।”

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতলেন, সেরা খেলোয়াড়ও হলেন—নিজেকে কী অধিনায়ক হিসেবে ভাগ্যবান মনে হয়? জানতে চাইলে শ্রীলঙ্কান এই অধিনায়ক বলেন, “আমরা প্রতিটি ম্যাচে সেরা খেলাটা খেলার চেষ্টা করেছি, যে কারণে জিতেছি। এই সিরিজটা জেতা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রতিটি দিনই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সিরিজটা জিততে পারা অবশ্যই ভালো ব্যাপার।”
আসন্ন বিশ্বকাপের আগে কী বার্তা দিতে চান? এমন প্রশ্নে চামারি আতাপাত্তু বলেন, “উপভোগ করতে থাকুন—এটাই।”

মোশারফ হোসাইন