‘ক্রীড়াঙ্গণে বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ, সমস্যা সমাধান ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে’ গঠিত কমিটির সুপারিশের পর এবার বাস্তবায়ন করলো সরকার। ব্যর্থতার দায়ে একসঙ্গে ২৭টি ক্রীড়া ফেডারেশনের কমিটি ভেঙে নতুন অ্যাডহক কমিটি দেওয়া হয়েছে।
শনিবার (১৮ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ২৭টি ক্রীড়া ফেডারেশনের আগের কমিটি ভেঙে দিয়ে নতুন করে অ্যাডহক কমিটি ঘোষণা করেছে।
ছাত্র-জনতার আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসব কমিটি গঠন করা হয়েছিল। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দ্রুত নির্বাচন আয়োজনের নির্দেশ দিলেও নানা জটিলতায় কমিটি নির্বাচন করতে ব্যর্থ হয়।
বিষয়টি নিয়ে ‘ক্রীড়াঙ্গণে বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ, সমস্যা সমাধান ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে’ সরকারের গঠিত কমিটি গত বুধবার (১৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে ক্রীড়া ফেডারেশনগুলোতে নতুন করে কমিটি গঠন এবং নির্বাচনের বাধ্যবাধকতা নিয়ে কথা বলা হয়।
কমিটি সদস্য সচিব আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান জানান, প্রাথমিকভাবে ২৬টি কমিটি বাতিলের সুপারিশ করা হয়েছে, যাতে দ্রুত নির্বাচন আয়োজন করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিটি দায়িত্ব নিতে পারে। এছাড়া সাত দিনের মধ্যে বাকি ফেডারেশনগুলোর কমিটির সুপারিশও জমা দেওয়া হবে।
সেই সুপারিশের আলোকে বর্তমান সরকার প্রাথমিকভাবে ২৭টি কমিটি বিলুপ্ত করে নতুনদের দায়িত্ব দিলো। নবগঠিত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন করে অ্যাডহক কমিটি দেওয়া ফেডারেশনগুলো হলো- আর্চারি, উশু, অ্যাথলেটিকস, বক্সিং, রেসলিং, কাবাডি, কারাতে, ক্যারম, খো খো, জিমন্যাস্টিকস, জুডো, টেনিস, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, দাবা, ফেন্সিং, ব্যাডমিন্টন, ভলিবল, ভারোত্তোলন, মহিলা ক্রীড়া সংস্থা, রাগবি, রেইং, শুটিং, সাইক্লিং, সুইমিং, হকি ও হ্যান্ডবল।
