বিসিবিকে না জানিয়ে চীনে লিটন দাস, হতে পারে শাস্তি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ২১ জুলাই ২০২৬
বিসিবিকে না জানিয়ে চীনে লিটন দাস, হতে পারে শাস্তি

বিসিবির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শাস্তির মুখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফরে না থাকা লিটন দাস বিসিবিকে জানিয়ে চীন সফরে গিয়েছেন। বিষয়টি কেন্দ্রীয় চুক্তির শর্ত ভঙ্গ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

চীন সফরে যাওয়া লিটন কুমার দাসকে শৃঙ্খলা কমিটির শুনানিতে ডেকেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডকে না জানিয়ে চীন সফরে যাওয়ায় বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা অসন্তুষ্ট হয়েছেন। ক্রিকবাজের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

বিসিবি সূত্রের বরাদ দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ইনজুরির কারণে খেলতে না পারায় জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে লিটন দাস বোর্ডকে অবহিত না করেই চীন সফরে গিয়েছেন। লিটন দাসের চোটের সর্বশেষ অবস্থা সম্পর্কেও বোর্ড স্পষ্ট তথ্য জানে না।

চিকিৎসার জন্য লিটন দাসকে সোমবার (২০ জুলাই) সিঙ্গাপুরে যাত্রা করার কথা ছিল। তবে এর আগেই না জানিয়ে চীনে যাওয়ায় ব্যাখ্যা দিতে লিটন দাসকে শৃঙ্খলা কমিটিতে হাজির হতে বলা হয়েছিল। রবিবার (১৯ জুলাই) শুনানিতে লিটন নিজের বক্তব্য তুলে ধরেছেন।

বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে কাফে চোট পেয়েছিলেন লিটন। সেই চোট পুরোপুরি না সারায় জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ এবং চলমান লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে ছিটকে যান তিনি। তার চোটের অবস্থা মূল্যায়নের জন্য সিঙ্গাপুরে যাওয়ার কথা।

বিসিবির শৃঙ্খলা কমিটি এখন আচরণবিধি অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করে লিটনের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কারণ, বিসিবি চাওয়া সকল খেলোয়াড় আচরণবিধি মেনে চলুক, তিনি যত বড়ই ক্রিকেটার হন না কেন।



শেয়ার করুন :