তিন হাজার ভক্তের গালে আর্জেন্টিনার পতাকা এঁকেছেন হাসমত আলী

শাহীন রহমান শাহীন রহমান প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ২১ জুলাই ২০২৬
তিন হাজার ভক্তের গালে আর্জেন্টিনার পতাকা এঁকেছেন হাসমত আলী

হাসমত আলী, পেশায় একজন চিত্রশিল্পী। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাইনবোর্ড, ব্যানার, বিলবোর্ড আঁকাই তার কাজ। আর্জেন্টিনা ফুটবল দল এবং লিওনেল মেসিকে ভালোবাসেন। ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে এবার বিশ্বকাপে বিনামূল্যে প্রায় তিন হাজার সমর্থকের শরীরে আর্জেন্টিনার পতাকা এঁকেছেন তিনি।

হাসমতের বাড়ি পাবনার বেড়া পৌর এলাকার বনগ্রাম মহল্লায়। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে থেকেই বেড়া পৌর এলাকায় ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দলের ভক্তদের উন্মাদনা শুরু হয়। প্রিয় দলের পতাকা, ব্যানার টাঙানোর প্রতিযোগিতায় নামেন ভক্তরা।

নিজ দলের খেলার আগের দিন অনেকে হাত-মুখসহ শরীরের বিভিন্ন জায়গায় দলীয় পতাকা এঁকে খেলা দেখতে ভালোবাসে। খেলার আগের দিন থেকে পৌর এলাকাসহ উপজেলার হাটুরিয়া-নাকালিয়া সাঁথিয়া উপজেলার করমজা টলট গ্রামসহ বিভিন্ন গ্রামের শিশু-কিশোরদের মধ্যে প্রিয় দলের পতাকা আঁকানোর প্রবণতা তৈরি হয়েছে। এমন আগ্রহের পেছনে মূল ব্যক্তি হাসমত।

বিশ্বকাপ চলাকালে সরেজমিনে হাসমত আলীর বাড়ির পাশে দেখা যায়, হাসমত আলীকে ঘিরে শিশু-কিশোরদের ভিড়। হাসমত আলী এক মনে শিশু-কিশোরদের মুখে বা শরীরে রংতুলি দিয়ে আর্জেন্টিনার পতাকা এঁকে চলেছেন। সঙ্গে অবশ্য অনেকে বাংলাদেশের পতাকাও আঁকছেন। গোসল খাওয়া দাওয়ার সময়ই নেই তার।

হাসমত আলী জানান, যেদিন আর্জেন্টিনা দলের খেলা থাকে, সেদিন দুপুর থেকেই তার বাড়িতে ভক্তদের আনাগোনা শুরু হতো। উদ্দেশ্য মুখে, হাতে বা শরীরে আর্জেন্টিনার পতাকা আঁকা। দল জিতলে পরদিন সকালেও অনেকে পতাকা আঁকানোর জন্য তাঁর বাড়িতে হাজির হয়েছেন।

শুধু আর্জেন্টিনারই না, অন্য দলের ভক্তদের অনুরোধে পতাকা আঁকতে হয়েছে। হাসমত আলী বলেন, আর্জেন্টিনাকে আমিও ভালোবাসি। তাই প্রিয় দলের পতাকা কেউ আঁকিয়ে নিতে চাইলে না করতে পারি না।

তিনি জানান, সকাল থেকে সন্ধা পর্যন্ত প্রায় পাঁচ ছয়শ জনের শরীরে পতাকা আঁকতে পারবো। এর আগের খেলা উপলক্ষে তিন হাজার জনের শরীরে পতাকা এঁকেছি। এবার প্রায় চার হাজারের বেশি পতাকা হয়তো আমাকে আঁকতে হয়েছে।

আর্জেন্টিনার সমর্থক ও বেড়া বাজারের ব্যবসায়ী এনামুল হক বলেন, শুনেছি, হাসমত আলী এ পর্যন্ত তিন হাজার জনের শরীরে আর্জেন্টিনার পতাকা এঁকেছেন। তার আঁকা পতাকার কারণে গোটা এলাকায় উৎসবের পরিস্থিতি তৈরি হয়েছে।



শেয়ার করুন :