ঢাকার পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ালো নেপালের মেয়েরা। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সিরিজে ১-১ সমতা ফিরেছে তারা। স্বাগতিক বাংলাদেশকে ২৫-২০ পয়েন্টে হারিয়ে দিয়েছে সফরকারীরা।
প্রথম ম্যাচ হারলেও আজ শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল নেপাল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শুরু হওয়া এই ম্যাচে এক পর্যায়ে নেপাল কিছুটা এগিয়ে গেলেও প্রথমার্ধ শেষে ১৪-১১ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। স্বাগতিক দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়লেও পরে আবার খেলায় ফিরে আসেন।
তবে বিরতির পর খেলার মোড় ঘুরে যায়। দ্বিতীয়ার্ধে নেপাল কৌশলী হয়ে উঠে। শ্রাবনী অল আউট করতে গিয়ে সুপার ট্যাকলের শিকার হলে দুই পয়েন্ট আদায় করে নেয় নেপাল। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ।
নেপাল ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখে শেষ পর্যন্ত ২৫-২০ পয়েন্টে জয় তুলে নেয়। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন নেপাল দলের অধিনায়ক মেনুকা কুমারী রাজবংশী।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নেপালকে ৩৪-২৪ পয়েন্টের ব্যবধানে হারিয়ে দারুণ সূচনা করেছিল। তবে দ্বিতীয় ম্যাচে হারায় সিরিজ এখন বেশ জমে উঠলো।
