টেবিল টেনিসকে তৃণমূল পর্যায়ে জনপ্রিয় করা এবং উদীয়মান প্রতিভাদের বিকাশের লক্ষ্যে একটি উম্মুক্ত টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ)। ২৩ থেকে ২৭ এপ্রিল শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এই উম্মুক্ত টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বিশ্ব টেবিল টেনিস দিবস (২৩ এপ্রিল) এবং একই সাথে বিশ্বে টেবিল টেনিসের শতবর্ষ উৎযাপনকে বর্ণাঢ্য কতে ফেডারেশন এই উদ্যোগ নিয়েছে।
এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এম এ মাকসুদ আহমেদ সনেট বলেন, “এই আয়োজনের মূল লক্ষ্য হলো স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক খেলার পরিবেশ সৃষ্টি করা এবং ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় অনুসন্ধান করা।”
প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৩ (২০১৩ সালের পরে জন্ম) এবং অনূর্ধ্ব-১৬ (২০১০ সালের পরে জন্ম) বালক ও বালিকা দুটি বিভাগে একক এবং দলগত ইভেন্টে খেলা হবে। দেশের সকল স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান ১৪ এপ্রিলের মধ্যে শিক্ষার্থীদের ফটো আইডি এবং জন্ম সনদের কপিসহ রেজিস্ট্রেশন করতে পারবে।
একক খেলার জন্য শিক্ষার্থীদের ২০০ টাকা এবং দলগত ইভেন্টের ক্ষেত্রে ২,০০০ টাকা (প্রতি দল) ফেডারেশনের মার্চেন্ট বিকাশ নম্বরে (01919012883) পেমেন্ট অপশনের মাধ্যমে প্রদান করা যাবে। রেফারেন্সে সংক্ষেপে স্কুলের নাম লিখতে হবে।
বিকাশের পর রেজিস্ট্রেশনের তথ্য গুগলফর্মে গিয়ে পূরণ করে ই-মেইলে (officials.bttf@gmail.com) পাঠাতে হবে।
এছাড়া স্কুল টুর্নামেন্ট সম্পর্কে যেকোন তথ্য জানতে ফেডারেশনের প্রমোশন এবং ডেভলপমেন্ট কমিটির সেক্রেটারি সৈয়দ বখতিয়ার মাহমুদ সোহেল (01841533587)-এর সাথে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
