মহিলা দাবায় শীর্ষে শিরিন, ওয়াদিফা ও দিবা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১১ পিএম, ১১ অক্টোবর ২০২৬
মহিলা দাবায় শীর্ষে শিরিন, ওয়াদিফা ও দিবা

৪৪তম জাতীয় মহিলা ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ আনসারের মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, বাংলাদেশ নৌবাহিনীর মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ এবং মহিলা ক্যান্ডিডেট ইশরাত জাহান দিবা সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

ছয় পয়েন্ট নিয়ে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ৫ জন খেলেয়াড় : মানিকগঞ্জের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী।

সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে ৫ জন খেলোয়াড় মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। তারা হলেন : বাংলাদেশ আনসারের মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস, বরিশালের জান্নাতুল প্রীতি, এসএসপিএল স্পোর্টিং ক্লাবের জিন্নাত আক্তার শাহনাজ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার ও কুমিল্লার নুশরাত জাহান লিজা।

অষ্টম রাউন্ডের খেলা আজ (শনিবার) বাংলাদেশ দাবা ফেডারেশনের হলরুমে অনুষ্ঠিত হয়। অষ্টম রাউন্ডের খেলায় শিরিন মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলোর সাথে, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরীর সাথে ড্র করেন।

ওয়াদিফা জান্নাতুল প্রীতিকে, দিবা তাসফিয়া তাহসিন প্রিমাকে, রানী হামিদ জারিন তাসনিমকে, মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু সানজিদা শাকিবকে, জিন্নাত আক্তার শাহনাজ মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবাকে, জান্নাতুল ফেরদৌস তাবাসসুম সাদিয়া শাহাজানকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার তাসনিয়া তারান্নুম অর্পাকে এবং নুশরাত জাহান লিজা অহন দেকে পরাজিত করেন।



শেয়ার করুন :