ঢাকায় খেলবে ভারতের ৪১ জন টেনিস খেলোয়াড়, নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই

বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা প্রকাশিত: ১০:৩২ এএম, ১১ অক্টোবর ২০২৬
ঢাকায় খেলবে ভারতের ৪১ জন টেনিস খেলোয়াড়, নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই

সংবাদ সম্মেলনে কথা বলছেন সাধারণ সম্পাদক ইশতেয়াক আহমেদ কারেন

রাজনৈতিক কিংবা নিরাপত্তা ইস্যুতে ভারতীয় ক্রিকেট দলের ঢাকা সফর পিছিয়ে গেলেও অন্য ইভেন্টে সেটি থাকছে না। বরং ক্রিকেটের চেয়ে প্রায় কয়েকগুণ বেশি প্রতিযোগী নিয়ে টেনিস খেলতে বাংলাদেশ আসছে ভারত।

ঢাকায় অনুষ্ঠিত ‌‘৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০’-তে ১৭ দেশের মধ্যে সবচেয়ে বেশি ৪১ জন ভারতীয় টেনিস খেলোয়াড় অংশগ্রহণ করবে। রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে ১১ থেকে ১৭ অক্টোবর জুনিয়রদের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

১১ অক্টোবর থেকে বাছাইপর্ব এবং ১৩ অক্টোবর থেকে শুরু হবে মূলপর্বের খেলা। প্রতিযোগিতার বিস্তারিত জানতে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

উইথড্রয়াল ডেডলাইন অনুযায়ী ১৭টি দেশের মোট ১০৯ জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। যেখানে ৮০ জন ছেলে এবং ২৯ জন মেয়ে রয়েছেন। এর মধ্যে মেইন ড্র-তে ৪৪ জন, কোয়ালিফাইং-এ ৩২ জন এবং অল্টারনেটস-এ ৩৩ জন।

প্রতিযোগিতায় ১৭ দেশের মধ্যে সবচেয়ে বেশি ৪১ জন ভারতীয় খেলোয়াড় অংশ নেবেন। যার মধ্যে মেইন ড্র-তে ১২ জন (ছেলে ৮, মেয়ে ৪), কোয়ালিফাইং-এ ১৭ জন (ছেলে ১২, মেয়ে ৫) এবং অল্টারনেটসে ১২ জন খেলোয়াড় রয়েছেন। এছাড়া কোচিং স্টাফে আরও বেশ কয়েকজন সদস্য রয়েছেন।

বাংলাদেশ ১৪, ভারত ৪১, অস্ট্রেলিয়ার ১, চীন ১৮, চাইনিজ তাইপে ৩, জার্মানি ১, হংকং ৪, জাপান ৪, কোরিয়া ৫, মালদ্বীপ ১, নেপাল ২, রাশিয়া ১, সিঙ্গাপুর ৩, শ্রীলঙ্কা ১, থাইল্যান্ড ৭, তুর্কি ১, যুক্তরাষ্ট্র ২ জন প্রতিযোগী অংশ নেবেন।

নিরাপত্তা ইস্যুতে ঢাকায় ক্রিকেট খেলতে না আসলেও টেনিসের এই আয়োজনে ভারতের কোন সমস্যা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতেয়াক আহমেদ (কারেন)। এছাড়া ভারতের পক্ষ থেকেও এ বিষয়ে কোন কিছু বলা হয়নি বলেও জানান তিনি।

তিনি বলেন, ভারতের পক্ষ থেকে নিরাপত্তা শঙ্কা নিয়ে কোন কিছু বলা হয়নি। তাদের অনেক খেলোয়াড় ইতিমধ্যে রাজশাহীতে খেলছেন। আমিও সেখানে গিয়েছিলাম, তারা নিরাপত্তা নিয়ে কথা বলেননি।

ইশতেয়াক আহমেদ আরও বলেন, আমরা সকল প্রকার নিরাপত্তা নিশ্চিতে প্রসাশনের সাথে কথা বলেছি। ঢাকা মেট্টোপলিটনের সাথেও আমরা কথা বলেছি। খোলোয়াড়দের সুবিধার্থে ঢাকা ক্লাবের কোর্টেও অনুশীলন করার অনুমতি পাওয়া গেছে। আশা করছি ভালোভাবেই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলেতে ভারত না যাওয়ার পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক এখনো স্বাভাবিক হয়নি। একই ইস্যুতে চলতি বছরের সেপ্টেম্বরে ভারতীয় ক্রিকেটে দলের বাংলাদেশ সফর থাকলেও সেটিও অনুষ্ঠিত হয়নি।

নতুন বছরের জানুয়ারি মাসে স্থগিত হওয়া সিরিজটি করা যায় কি-না সে বিষয়ে কথা বলছে দুই দেশের ক্রিকেটে বোর্ড। এর আগে ভারতের ৪১ সদস্যের বিশাল বহর বাংলাদেশে টেনিস খেলতে আসাকে অনেকটা ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

‘৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০’ ভারত ছাড়াও স্বাগতিক বাংলাদেশের ১৪ জন, অস্ট্রেলিয়ার ১ জন, চীনের ১৮ জন, চাইনিজ তাইপের ৩ জন, জার্মানির ১ জন, হংকং-এর ৪ জন, জাপানের ৪ জন, কোরিয়ার ৫ জন, মালদ্বীপের ১ জন, নেপালের ২ জন, রাশিয়ার ১ জন, সিঙ্গাপুরের ৩ জন, শ্রীলঙ্কার ১ জন, থাইল্যান্ডের ৭ জন, তুর্কির ১ জন এবং যুক্তরাষ্ট্র থেকে ২ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।



শেয়ার করুন :