পাবনার ঈশ্বরদীতে খায়রুল গ্রুপ প্রিমিয়ার ক্রিকেট লিগ (সিজন-২)-এর চ্যাম্পিয়ন হয়েছে রূপপুর রুফটপ রেস্টুরেন্ট। শনিবার (৮ আগস্ট) স্বপ্নদ্বীপ রিসোর্টের টার্ফে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ ঘিরে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ছিল উৎসবের আমেজ।
জমজমাট ফাইনাল খোয় খায়রুল অটো ফ্লাওয়ার মিলকে চার উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রূপপুর রুফটপ রেস্টুরেন্ট। ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে খায়রুল গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
অন্যান্যের মধ্যে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, সমাজসেবক প্রভাস চন্দ্র ভদ্র, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম নয়ন, দৈনিক উত্তর জনতার সম্পাদক শহিদুল হাসান ববি সরদার, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার এবং খায়রুল গ্রুপের সিইও মুনেম তাজওয়ার অহিন বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, সহকারী ভূমি কর্মকর্তা আফসার আলী, বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি সিদ্দীকুর রহমান ময়েজ (কুল ময়েজ) সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
খায়রুল গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য ও দলীয় বন্ধন বাড়াতে এ ক্রিকেট লিগের আয়োজন করা হয়। এবারের ম্যাচে গ্রুপটির পাঁচটি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হলো- স্বপ্নদ্বীপ রিসোর্ট, খায়রুল ইন্টারন্যাশনাল হোটেল, খায়রুল এগ্রোফুড প্রোডাক্টস, খায়রুল অটো ফ্লাওয়ার মিল ও রূপপুর রুফটপ রেস্টুরেন্ট। তিনটি রাউন্ড শেষে ফাইনালের মধ্য দিয়ে শেষ হয় এবারের ম্যাচ।
শাহীন রহমান, পাবনা/আরএস
