কাবাডি বিশ্বকাপ: ভারতের বিপক্ষে হারের স্বাদ পেল বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৭ পিএম, ১৯ নভেম্বর ২০২৫
কাবাডি বিশ্বকাপ: ভারতের বিপক্ষে হারের স্বাদ পেল বাংলাদেশ

নারী কাবাডি বিশ্বকাপে প্রথম হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সামনে কোন প্রতিরোধই গড়তে পারেনি স্বাগতিকরা। চ্যাম্পিয়ন ভারতের কাছে ৪৩-১৮ পয়ে ব্যাবধানে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা।

উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানিকে উড়িয়ে দিয়েছিল ৫৭-২৭ পয়েন্টে। তবে তৃতীয় ম্যাচে এসে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।

বুধবার (১৯ নভেম্বর) মিরপুর সোহরাওয়ার্দী স্টেডিয়ামে প্রথম নারী বিশ্বকাপ চ্যাম্পিয়নদের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। শারীরিক গড়ন, টেকনিক ও ট্যাকটিকস- সব বিভাগেই এগিয়ে থাকা ভারতের সামনে গোটা ম্যাচেই চাপে ছিল রূপালী আক্তারের দল।

আলো ঝলমলে কোর্টে প্রথম পয়েন্ট তুলে নিয়েছিল ভারত, পরের রেইডে সমতা আনে বাংলাদেশ। লড়াকু ম্যাচের ইঙ্গিত দেওয়া দ্বৈরথ সময়ের সঙ্গে অসম হয়ে যায়- প্রতিষ্ঠিত হয় বর্তমান চ্যাম্পিয়নদের আধিপত্য।

ভারত একের পর এক রেইড করে পয়েন্ট নিতে থাকে। ৬ মিনিটের মধ্যে চম্পা ঠাকুরকে কোর্ট থেকে ছিটকে দিয়ে বাংলাদেশকে অলআউট করে ভারত, স্কোর দাঁড়ায় ১২-৫। রূপালি ও বৃষ্টি মাঝে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন, ততক্ষণে বাংলাদেশ আবারও অলআউট হয়।

প্রথমার্ধে ২৯-৮ পয়েন্টে পিছিয়ে ছিল বাংলাদেশ। বিরতির পরও একই চিত্র, ভারতের আধিপত্য অব্যাহত ছিল। ম্যাচে বাংলাদেশকে তৃতীয়বারের মতো অল আউট করে ৪২-১৫ পয়েন্টে লিড নেয় ভারত।

শেষ পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়নরা অনায়াসে ৪৩-১৮ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে।



শেয়ার করুন :