ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলামান নারী কাবাডি বিশ্বকাপে জার্মানির বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে ভারত। এ নিয়ে টানা তিন ম্যাচ জিতে সেমি-ফাইনালের পথে এগিয়ে গেছে বিশ্ব কাবাডির পরাশক্তি দল ভারত।
থাইল্যান্ডকে ৬৫-২০ পয়েন্টে হারিয়ে প্রতিযোগিতা শুরুর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৪৩-১৮ পয়েন্টে হারিয়ে দিয়েছিল ভারত। চতুর্থ ম্যাচে জার্মানিকে ৬৩-২২ পয়েন্টের ব্যবধানে হারিয়ে দিয়েছে ২০১২ সালের প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।
টানা তিন জয়ের পর শেষ গ্রুপ ম্যাচে উগান্ডার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে, বাংলাদেশের কাছে ৫৭-২৭ পয়েন্টে হেরে বিশ্বকাপ শুরু করা জার্মানি টানা দুই ম্যাচ হারলো।
বৃহস্পতিবারের ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা জার্মানিকে শুরু থেকেই চেপে ধরে ভারত। তিনবার প্রতিপক্ষকে অলআউট করে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেয় ঋতু-সাক্ষী শার্মারা। ৩৫-৯ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত।
দ্বিতীয়ার্ধেও ভারতের কাছে পাত্তা পায়নি জার্মানি। শারীরিক শক্তি ও টেকনিক -সব দিক থেকেই পিছিয়ে থাকা জার্মানরা এ অর্ধে তিন মিনিটের মধ্যে অলআউট হয়। ভারত ৪৬-১২ পয়েন্টে এগিয়ে যায়।
এরপর জার্মানিকে আরও একবার অলআউট করে বড় জয়ের পথে ছুটতে থাকে দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) চারবারের স্বর্ণজয়ীরা। শেষ পর্যন্ত ভারত ম্যাচ জিতে নেয় ৪১ পয়েন্টের ব্যবধানে (৬৩-২২)।
