তীর এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপস-২০২৫-এর তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালের সেশনে বাংলাদেশের স্বপ্ন কুলসুম আক্তার মনিকে ঘিরে। কম্পাউন্ড নারী এককের সেমি-ফাইনালে উঠেছেন ঠাকুরগাঁ থেকে উঠে আসা এই নারী আরচ্যার।
কম্পাউন্ড মহিলা এককে ‘বাই’ পেয়ে ১/১৬-তে ওঠা বাকি তিন আরচ্যারের মধ্যে কুলসুম আক্তার মনিকে ঘিরে আশা বেঁচে আছে বাংলাদেশের। কুলসুম আক্তার ইরানের ফাতিমা বাঘেরিকে ১৪৫-১৪৩ স্কোরে হারানোর পর ভারতের দ্বীপশিখাকে ১৪২-১৪০ ব্যবধানে হারিয়ে দিয়েছেন।
কোয়ার্টার-ফাইনালে কাজাখস্তানের ইউনুসোভা রোক্সানার বিপক্ষে ১৪৬-১৪৪ পয়েন্টে জয় তুলে নিয়েছেন কুলসুম। এখন ফাইনালে ওঠার লড়াইয়ে বৃহস্পতিবার তিনি মুখোমুখি হবেন ভারতের প্রদীপ প্রিথিকার।
সেমিতে ভালো কিছু করার আশাবাদ জানিয়ে কুলসুম বলেন, “আমার ইভেন্ট থেকে সতীর্থরা সবাই বিদায় নিয়েছে, আমি টিকে আছি। তবে কোনো চাপ অনুভব করছি না। চাপ কেন নিব? এতদিন আমরা পরিশ্রম করেছি একটা কিছু পাওয়ার জন্যই। তাই সেমি-ফাইনালেও আমি নিজের স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করবো। এই পতাকার (জার্সিতে বাংলাদেশের পতাকার লোগো দেখিয়ে) জন্যই খেলি, নিজের দেশের হয়ে খেলা আলাদা শান্তি।”
তিনি আরও বলেন, “আমি সামাজিক যোগাযোগের মাধ্যম ভাইরাল হতে চাই না। হাইলাইট হতে চাই না। আমাকে হাইলাইট হতে হবে নিজের যোগ্যতা দিয়ে, আমার সাফল্য দিয়ে। নিজের যোগ্যতা দিয়ে যখন জানবে, তখন সারা পৃথিবী জানবে আমাকে।”
রিকার্ভ মহিলা দলগত বিভাগে ইরানকে ৫-৪ সেট পয়েন্টে (৩৯-৫৫, ৫২-৫১, ৪৯-৫৪, ৫৫-৫১) হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠেছিল বাংলাদেশ। তবে সেমি-ফাইনালে ওঠার লড়াই ইতি-সোনালি-শিমুকে নিয়ে গড়া দল দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যায় ৬-০ সেট পয়েন্টে (৫৬-৫০, ৫৩-৫১, ৫৫-৫৩)। এছাড়া উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে মালয়েশিয়া।
কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে এলিমিনেশন রাউন্ডের শুরুতেই ছিটকে গেছে বাংলাদেশ। আশিকুজ্জামান-হিমু বাছাড়-নেওয়াজ আহমেদ রাকিবকে নিয়ে গড়া দল চাইনিজ তাইপের কাছে ২৩৪-২৩০ স্কোরে (৫৯-৫৯, ৫৪-৫৯, ৫৭-৫৮, ৬০-৫৮) হেরে গেছে।
