বিশিষ্ট নারী কুস্তিগীরদের দায়ের করা যৌন হয়রানি ও পিছু ধাওয়া করার মামলায় ভারতের কুস্তি ফেডারেশনের সাবেক প্রধান ব্রিজ ভূষণ শরণ সিং-কে খালাস দিয়েছে নয়াদিল্লির একটি আদালত। সোমবার ঘোষিত এই রায় আসলো সিংয়ের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার দাবিতে মাসব্যাপী বিক্ষোভের তিন বছর পর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ৬৯ বছর বয়সী সাবেক রাজনীতিবিদ সিংয়ের বিরুদ্ধে ২০২৩ সালে আদালত অভিযোগ দায়ের করেছিল। সেই বছরই তার মেয়াদ শেষ হয় এবং তিনি পুনরায় মনোনয়ন পাননি। পরে তার ছেলে প্রতিদ্বন্দ্বিতা করে একই আসন থেকে জয়ী হন।
পাঁচজন নারী সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানি এবং যৌন সুবিধা চাওয়ার অভিযোগ এনেছিলেন, যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেন। রায়ের পর আদালতের বাইরে সাংবাদিকদের সিং বলেন, “আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে ন্যায়বিচার হবে..., ন্যায়বিচার হয়েছে। আমি নিজেকে কখনোই অপরাধী বলে মনে করিনি।”
সিংয়ের আইনজীবী রাজীব মোহন বলেন, “তিনি সম্মানজনকভাবে খালাস পেয়েছেন।” সাক্ষীদের জবানবন্দিতে ‘অসঙ্গতি’ এবং ‘প্রধান বিষয়গুলোতে স্ববিরোধিতা’ খুঁজে পাওয়ার পর আদালত এই রায় দিয়েছে বলে জানান তিনি।
রায় ঘোষণার পর সিংয়ের সমর্থকেরা স্লোগান দিতে দিতে আতশবাজি ফোটায় এবং সিংয়ের উপর ফুলের পাপড়ি ছিটিয়ে দেয়।
তবে সিংয়ের বিরুদ্ধে মামলা পরিচালনাকারী নারী কুস্তিগীররা তাদের আইনজীবীকে আপিল করার নির্দেশ দিয়েছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপিল কার্যক্রম শুরু করবে। বাদীপক্ষের আইনজীবী জানিয়েছেন, তারা এখনো আশা হারায়নি এবং কুস্তিগীররা তাদের লড়াই চালিয়ে যাবেন।
