প্রত্যাশা জাগিয়ে ফাইনাল মঞ্চে জায়গা করে নিতে পারলেন না বাংলাদেশের তরুণ টেনিস তারকা জারিফ আবরার। ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় সেমি-ফাইনালেই থামতে হয়েছে তাকে। সেমিফাইনালে থাইল্যান্ডের আরিয়াফল লিকুল সরাসরি সেটে জয় পেয়ে ফাইনালে উঠেছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত সেমি-ফাইনালে জারিফ একেবারে নিষ্প্রভ ছিলেন প্রথম সেটে। ১-৬ গেমে হেরে যান তিনি। দ্বিতীয় সেটে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত পারেননি। জারিফ দ্বিতীয় সেটে হেরেছেন ৪-৬ গেমে।
টুর্নামেন্টে একই দিন অনুষ্ঠিত হয়েছে বালক ও বালিকা দ্বৈতের ফাইনাল ম্যাচ। বালক দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের শৌনক চ্যাটার্জি ও অমৃত ধনকর জুটি। তারা হারিয়েছে চীনের চুয়ান ডিং ও কেঝি লি জুটিকে।
২-০ সেটে জয় পেয়েছে ভারতীয় এই জুটি। ফাইনালে প্রথম সেট দারুণ জমে উঠে এবং এর নিষ্পত্তি হয় টাইব্রেকারে। দ্বিতীয় সেটে প্রতিদ্বন্দ্বীতা গড়ে উঠলেও ম্যাচে ফিরতে পারেনি চুয়ান ডিং ও কেঝি লি জুটি। ৬-৪ গেমে দ্বিতীয় সেট জিতে চ্যাম্পিয়ন হয়েছে শৌনক ও অমৃত জুটি।
বালিকা দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে মালদ্বীপের আরা আসাল আজিম ও ভারতের সানমিথা হারিনি জুটি। এই ফাইনালও জমে উঠেছিল। ১-১ ব্যবধানে সেটে সমতা থাকায় টাইব্রেকারে খেলার নিষ্পত্তি হয়। আসাল-হারিনি জুটি প্রথম সেটে জয় পায় ৬-৪ গেমে। তবে দ্বিতীয় সেট ৬-১ গেমে জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় চীনের তিয়ানরান-জিকান জুটি।
দুই সেটে ১-১ এ সমতা থাকায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে ১০-৪ গেমে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আরা আসাল আজিম ও সানমিথা হারিনি জুটি।
