জেএফএ নারী ফুটবলে রাজশাহীতে খেলবে সাত জেলার মেয়েরা

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৯:৪১ পিএম, ১৬ জুন ২০২৬
জেএফএ নারী ফুটবলে রাজশাহীতে খেলবে সাত জেলার মেয়েরা

জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় যুব নারী ফুটবল প্রতিযোগিতার রাজশাহী ভেন্যুর খেলা শুরু হয়েছে। প্রতিযোগিতায় মোট ৭টি জেলা দুটি গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায়, জাপান ফুটবল এসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায়, রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মঙ্গলবার (১৬ জুন) থেকে জেলার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এই প্রতিযোগিতা শুরু হয়েছে।

প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপে অংশগ্রহণকারী দলগুলো হলো- স্বাগতিক রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও বগুড়া। ‘বি’ গ্রুপে অংশগ্রহণকারী দলগুলো হলো- চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট।

উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাজশাহী ও বগুড়া জেলা ১-১ গোলে ড্র করেছে। বগুড়ার রাফিকা ম্যাচের প্রথমার্ধের ২০তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন। পরে ম্যাচের ৩৮তম মিনিটে রাজশাহীর নিলা গোল করে দলকে সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধে কোনো দলই আর গোল করতে না পারায় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

দিনের অপর ম্যাচে সিরাজগঞ্জ জেলা ৪-০ গোলের বড় ব্যবধানে নাটোর জেলাকে পরাজিত করে। বিজয়ী দলের সম্পা ও মিম ২টি করে গোল করেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. সিরাজুর রহমান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মোজাদ্দেদ জামানী সুমন, রাজশাহী জেলা ত্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মোজাম্মেল হক, সদস্য মো. সাইফুদ্দিন বাচ্চু, রাজশাহী ফুটবল এসোসিয়েশনের সদস্য মো. সাইফুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মো. তৌফিকুর রহমান রতনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরাজী ফেরদৌস ইমন।

মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস



শেয়ার করুন :