নতুন কুড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী জেলার কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা। মঙ্গলবার (২৮ জুলাই) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে নতুন কুড়ি স্পোর্টস-এ বালক বিভাগে চ্যাম্পিয়ন ও বিভিন্ন ইভেন্টে পদকপ্রাপ্ত খেলোয়াড়দের ফুলের ষ্টিক দিয়ে বরণ করে নেওয়া হয়।
রাজশাহী বিভাগীয় দলের খেলোয়াড়রা বালক বিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন ও বিভিন্ন ইভেন্টে স্বর্ণপদক অর্জন করে রাজশাহী তথা দেশের সম্মান বয়ে এনেছেন, যা অকল্পনীয় জয় বলে উল্লেখ করেন জেলা প্রশাসক।
এই সাফল্য অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জনের মাধ্যমে রাজশাহী তথা দেশের সুনাম উজ্জ্বল করবে জেলা খেলোয়াড়রা। এ সময় খেলোয়াড়দের সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠনে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মোজাম্মেল হক মোজাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন মিয়া, ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক ও ক্রিকেট টিমের ম্যানেজার মো. আখতারুজমানা রেজা তালুকদার রুমী, জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মোজাদ্দেদ জামানী সুমন, বিভিন্ন ইভেন্টের দলীয় ম্যানেজার ও সদস্য মো. সাইফুদ্দিনসহ খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস
