ফুটবল মাঠে অষ্টম শ্রেণি শিক্ষার্থীর মৃত্যু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৯ পিএম, ০৯ নভেম্বর ২০২৬
ফুটবল মাঠে অষ্টম শ্রেণি শিক্ষার্থীর মৃত্যু

নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের ফুটবল খেলার সময় মাঠেই অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিক্ষার্থীর নাম মো. জিসান আহমেদ (১৪)। সোমবার কুমিল্লার হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ে ফুটবল মাঠে এ ঘটনা ঘটে।

জিসান হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। হোমনা পৌরসভা দলের হয়ে খেলার সময় মাটিয়ে লুটিয়ে পড়েন। তবে দ্রুত জিসানকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হোমনা পৌরসভা ও মাথাভাঙ্গা ইউনিয়ন দলের খেলা চলাকালে শুরুর চার-পাঁচ মিনিটের মধ্যে হঠাৎ মাঠে লুটিয়ে পড়ে জিসান। ওই ঘটনায় খেলা বন্ধ হয়ে যায়।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইফুল ইসলাম প্রাথমিকভাবে জানান, ধারণা করা হচ্ছে, খেলার সময় হঠাৎ হৃৎক্রিয়া বন্ধ হয়ে জিসানের মৃত্যু হয়েছে।

জিসানের এমন মৃত্যুর সংবাদ পেয়ে কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান ঘটনাস্থল পরিদর্শন করেন। খেলার মাঠে এমন মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



শেয়ার করুন :