বিদেশি ফুটবলার নিয়েও হারে মাঠ ছাড়লো বাঘা

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৮:৩৪ এএম, ২৪ আগস্ট ২০২৬
বিদেশি ফুটবলার নিয়েও হারে মাঠ ছাড়লো বাঘা

দলের শক্তি বৃদ্ধির জন্য্য বাঘা উপজেলা ফুটবল দল দলভুক্ত করা হয়েছিল নাইজেরিয়ান এক ফুটবলার। আশা ছিল এই ফুটবলার হয়তোবা দলের জন্য জয় ছিনিয়ে আনবে। তবে বাস্তবে তেমনটা হয়নি। জয় নয়, বরং হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাঘা উপজেলা ফুটবল দলকে।

রোববার (২৩ আগস্ট) রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে পুঠিয়া উপজেলা ফুটবল দল ২-১ গোলে বাঘা উপজেলা ফুটবল দলকে পরাজিত করেছে।

রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে উভয় দলই আক্রমণ পাল্টা-আক্রমণে খেলতে থাকে। ম্যাচের ১২তম মিনিটে বাঘার গোলরক্ষকের ভুলে পুঠিয়ার রাব্বানি দলের পক্ষে প্রথম গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। বাঘার গোলরক্ষক গোলপোস্ট ছেড়ে অনেকটা এগিয়ে এসে বল ধরতে ব্যর্থ হলে পুঠিয়ার রাব্বানি সুন্দর প্লেসিং শটে বল বাঘের জালে জড়িয়ে দেন।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বাঘা বেশ আক্রমণাত্নক হয়ে উঠে। এ সময় বাঘার একের পর আক্রমণে পুঠিয়া অনেকটাই কোনঠাসা হয়ে পড়ে। তারা তাদের নাইজেরিয়ান ফুটবলারকে দিয়ে আক্রমণ চালানোর চেষ্টা করেন। বাঘার খেলোয়াড়রা গোল পরিশোধের সুযোগও পান বেশ কয়েকবার। তবে সুযোগ বার বারই হাতছাড়া হয়ে যায়।

ম্যাচের ৮৫তম মিনিটে উল্টো আরও এক গোল খেয়ে বসে বাঘা। পুঠিয়ার শিশির গোল করলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ২-০। ম্যাচের ৯৪তম মিনিটে বাঘার রুস্তম একটি গোল পরিশোধ করতে সক্ষম হন।

ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন মো. মেহেদি হাসান। মাঠের দুই পাশে তাকে সহযোগিতা করেন মিলন ও জানে আলম। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন সিলন।

মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস


বিষয়ঃ

শেয়ার করুন :