‘নারীর অংশগ্রহণে সুস্থ, সক্রিয় ও সমৃদ্ধ সমাজ’-স্লোগানে শেরপুরে নারীদের মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। নজরুল বর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মিনি ম্যারাথনে প্রায় ৫ শতাধিক নারী অংশগ্রহণ করেন।
শুক্রবার সকাল সোয়া ছয়টার স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে পতাকা সংকেতের মাধ্যমে ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় তিনি নিজেও ম্যারাথনে অংশ নেন।
শহরের অষ্টমীতলা-শেরীব্রিজ মোড়-জেলা পরিষদ-বাগরাকসা বাসস্ট্যান্ড-তিননী বাজার কলেজ মোড় হয়ে ৫ কিলোমিটার পথ পরিভ্রমণ করে ম্যারাথনটি ডিসি উদ্যানে গিয়ে শেষ হয়। ম্যারাথনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী, কর্মজীবী নারী ও গৃহিণীসহ নানা বয়সের প্রায় ৫ শতাধিক নারী অংশগ্রহণ করেন।
শীতের সকালে তাদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণে পুরো ম্যারাথনের আয়োাজনটি উৎসবমুখর হয়ে ওঠে। ম্যারাথন শেষে ডিসি উদ্যানের মুক্তমঞ্চে অংশকারীদের নিয়ে উদ্বুদ্ধকরণ আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
ম্যারাথনে অংশগ্রহণকারী নারীদের মধ্য থেকে সেরা ২৫ জনকে মেডেল, শীর্ষ ১০ জনকে আাকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এছাড়া জেলা পরিষদের সৌজন্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৩ জনকে মেডেল সহ বাইসাইকেল উপহার প্রদান করা হয়।
ম্যারাথন শেষে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, নারীর শারীরিক ও মানসিক সুস্থতা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সমাজের সর্বক্ষেত্রে নারীর নিরাপদ ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নারীদের এ মিনি ম্যারাথনের আয়োাজন করা হয়েছে। সুস্থ সমাজ গঠনে এটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আমরা আশা করছি।
ভবিষ্যতে ক্রিকেট টুর্নামেন্ট এবং পুরুষদের জন্যও ম্যারাথন আয়োজন করা হবে বলে জানান তিনি।
হাকিম বাবুল, শেরপুর/স্পোর্টসমেইল
