আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে রাবি ও জাবি যৌথ চ্যাম্পিয়ন

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১০:১৩ এএম, ২৫ নভেম্বর ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে রাবি ও জাবি যৌথ চ্যাম্পিয়ন

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং জাতীয় বিশ্ববিদ্যালয় (জাবি)। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। তবে এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীদের একাংশ।

১৬ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা শুরু হয়। ৯ দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে ২০টি এবং ‘খ’ বিভাগে ১৯টি দল প্রতিদ্বন্দ্বিতা করে।

ফাইনালে গুরুত্বপূর্ণ ম্যাচে জয়-পরাজয় নির্ধারণ না করে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের মতে, প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য টাইব্রেকারসহ প্রচলিত পদ্ধতি অনুসরণ করা যেত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম হাসান বলেন, ‘ফাইনাল খেলা ৮০ মিনিট হওয়ার কথা। সেখানে ৪০ মিনিটে খেলা শেষ করা হয়েছে। আবার যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। এমন নিয়মে প্রতিযোগিতা আয়োজনের কোনো অর্থ হয় না। ফাইনালে ট্রাইব্রেকার অথবা জয়-পরাজয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারণ হওয়া উচিত ছিল।’

তবে ফাইনালে সমতা থাকলে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা বলে নিয়ম করা হয়েছিল বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান। বলেন, ‘খেলার নিয়মে ছিল ফাইনালে সমতা থাকলে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।’

ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.আমিনুল হক। তিনি দুই দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলায় জয়-পরাজয় থাকবেই। তবে প্রতিযোগিতার মূল চেতনা হলো সৌহার্দ্য, সম্প্রীতি ও ক্রীড়াসুলভ মনোভাব।

প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকার যুগান্তকারী উদ্যোগ নিচ্ছে। প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ, আধুনিক ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং শিক্ষাব্যবস্থায় খেলাধুলাকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৩০০ খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ সংখ্যা ৫০০-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রথম আসরে ১ লাখ ৬৮ হাজার খেলোয়াড় অংশ নেন। সেখান থেকে বাছাই করা ৩০৬ জনকে বিকেএসপিতে ৪০ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের মধ্য থেকে ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যন্ত শিক্ষার সুযোগ পাবেন তারা।

মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস


বিষয়ঃ

শেয়ার করুন :