রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি করপোরেশন ফুটবল দলকে পরাজিত করে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে পবা উপজেলা ফুটবল দল।
মঙ্গলবার (২৫ আগস্ট) জেলার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে পবা উপজেলা ফুটবল দল ২-১ গোলের ব্যবধানে রাজশাহী সিটি করপোরেশন ফুটবল দলকে পরাজিত করে। দলের শক্তি বৃদ্ধির জন্য উভয় দলই বিদেশি খেলোয়াড় দলভুক্ত করে। রাজশাহী সিটি করপোরেশন ফুটবল দল তিন ও পবা উপজেলা ফুটবল দল দুই নাইজেরিয়ায়নকে দলভুক্ত করে।
ম্যাচের শুরু থেকেই পবা উপজেলা ফুটবল দল রাজশাহী সিটি করপোরেশন ফুটবল দলের উপর অনেকটাই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। ফলে গোল করতে তাদের বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ম্যাচের শুরুতেই চতুর্থ মিনিটেই গোল আদায় করে নেন পবার মাশরাফি।
পবা এগিয়ে যায় ১-০ গোলে। গোল করার পরও আধিপত্য অব্যাহত রাখে তারা। প্রথমার্ধের প্রায় ১৫ মিনিট তাদের এ আধিপত্য বজায় থাকে। পরবর্তী সময়ে রাজশাহী সিটি করপোরেশন ফুটবল দল নিজেদেরকে কিছুটা গুছিয়ে নেয়। এসময় পবা উপজেলা ফুটবল দলের সীমানার মধ্যেই খেলা চলতে থাকে। কিন্তু গোল পরিশোধে ব্যর্থ হয় তারা।
এরই মাঝে পবার কাউন্টার এ্যাটাকেরও শিকার হয় রাজশাহী সিটি করপোরেশন ফুটবল দল। কিন্তু কোনো দলই গোল করতে না পারায় ম্যাচের ফলাফল অপরিবর্তিত থাকে। এ অবস্থায় দল দু'টি বিরতিতে যায়।
বিরতির পর রাজশাহী সিটি করপোরেশন ফুটবল দল নিজেদেরকে বেশ কিছুটা গুছিয়ে নেয়। কিন্তু গোল পরিশোধে ব্যর্থ হয়। ম্যাচের ৬৯ তম মিনিটে উল্টো আরও এক গোল খেয়ে বসে। পবার মাশরাফি আবারও গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন। পরবর্তীতে তিনি আরও এক গোল করে হ্যাটট্রিকের চেষ্টা চালান। কিন্তু সফল হননি।
ম্যাচের একেবারে শেষ সময়ে রাজশাহী সিটি করপোরেশন ফুটবল দলের নাইজেরিয়ান খেলোয়াড় স্যামসন একটি গোল পরিশোধ করলো গোলের ব্যবধান দাঁড়ায় ২-১। গত ম্যাচের মত আজকের ম্যাচেও মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।
ম্যাচটি পরিচালনা করেন মেহেদি হাসান। তাকে সহযোগিতা করেন সুজন রানা ও রফিকুল ইসলাম। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন নূর হোসেন জানে আলম। আগামীকাল বুধবার খেলার বিরতি।
রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ম্যাচটি উপভোগ করতে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মহিনুল হাসান, পবা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইবনুল আবেদীন, এনডিসি মোঃ বোরহান উদ্দিন অন্তর, সহকারী কমিশনারবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাদ্দেদ জামানী সুমন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক, সাবেক ফুটবলার আলী আফতাব তপন, মুরাদুজ্জামান এলানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস
