রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জয় পেয়েছে দুর্গাপুর উপজেলা ফুটবল দল। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুর্গাপুর উপজেলা ফুটবল দল ৩-২ গোলের ব্যবধানে তানোর উপজেলা ফুটবল দলকে পরাজিত করেছে।
ম্যাচের শুরুতেই দুর্গাপুর গোল আদায় করে নেয়। দুর্গাপুরের জুবায়ের ম্যাচের ৩য় মিনিটেই গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। ম্যাচর প্রথম প্রায় ৭/৮ মিনিট দুর্গাপুর তানোরের উপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলতে থাকে।
এক গোলে এগিয়ে থেকে দুর্গাপুরের সমর্থকরা যখন আনন্দ উল্লাসে মাতোয়ারা ঠিক তখনই পাল্টা আক্রমণে ম্যাচের ৯ম মিনিটে তানোরের সাব্বির গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনলে তানোরের দর্শকরা উল্লাসে মেতে ওঠেন।
ম্যাচের ১৭ তম মিনিটে দুর্গাপুরের পলাশ গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে নেন। ম্যাচের এ অবস্থায় উভয় দলই আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলতে থাকে। তানোরের সাগর মোহন্ত ৩৬ তম মিনিটে গোল করলে ম্যাচে ২-২ গোলে সমতা ফিরে আসে। এ অবস্থায় বিরতির সময় হয়।
বিরতির পর উভয় দলই গোলের জন্য মরিয়া হয়ে উঠে। এক পর্যায়ে দুর্গাপুর একের পর এক আক্রমণ চালাতে থাকে। দুর্গাপুরের আক্রমণ ঠেকাতে তানোর বেসামাল হয়ে পড়ে। অবশেষে ম্যাচের ৭১ তম মিনিটে দুর্গাপুরের প্রদীপের পা থেকে আসে জয়সূচক গোল। পরবর্তীতে কোন দলই আর কোনো গোল করতে না পারায় দুর্গাপুর ৩-২ গোলে জয়লাভ করে।
দুর্গাপুর ও তানোর উপজেলা ফুটবল দলের ম্যাচ উপভোগ করতে দুই উপজেলা থেকেই বিপুল সংখ্যক মানুষ নিজ নিজ দলকে উৎসাহিত করতে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে হাজির হন।
ম্যাচটি উপভোগ করতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, এনডিসি মোঃ বোরহান উদ্দিন অন্তর, সহকারী কমিশনারবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাদ্দেদ জামানী সুমন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক, সাবেক ফুটবলার আলী আফতাব তপন, মুরাদুজ্জামান এলানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ম্যাচটি পরিচালনা করেন আব্দুল খালেক। তাকে সহযোগিতা করেছেন জানে আলম ও সিলন। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন রহিদুল।
মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস
