শিরোপা জয়ে আরও একধাপ এগিয়ে গেল মোহনপুর

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোপা জয়ে আরও একধাপ এগিয়ে গেল মোহনপুর

রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয়ে আরও একধাপ এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়ন মোহনপুর উপজেলা ফুটবল দল। সোমবার (৩১ আাগস্ট) রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনালে টাইব্রেকারে পবা উপজেলা ফুটবল দলকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছে মোহনপুর উপজেলা ফুটবল দল।

সেমি-ফাইনাল ম্যাচটি উপভোাগ করতে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের ২২ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন গ্যালারিতে প্রায় ১৭ হাজার দর্শক উপস্থিত ছিলেন। বিকেল চারটায় ম্যাচ শুরুর কথা থাকলেও দুপুর থেকেই মানুষ স্টেডিয়ামমুখী হতে থাকেন এবং ম্যাচ শুরু হওয়ার আগেই গ্যালারি প্রায় পরিপূর্ণ হয়ে যায়।

ম্যাচ শুরুর পরেও অনেকেই স্টেডিয়ামে প্রবেশ করতে থাকেন। বিভিন্ন উপজেলা থেকে বাসে, ভোটভুটি, ভ্যানযোগে এসে নিজ নিজ দলকে সমর্থন জানান তারা। ম্যাচচলাকালে মুহুর্মুহু করতালি আর বাঁধ ভাঙা উল্লাসের মধ্য দিয়ে শেষ হয় প্রথম সেমি-ফাইনাল ম্যাচ।

ম্যাচের শুরু থেকে উভয় দলই আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলতে থাকে। তবে পবার আক্রমণ ছিল তুলনামূলক বেশি। এক সময় মোহনপুর উপজেলা কাউন্টার এ্যাটাকের মাধ্যমে গোল করার চেষ্টা করে। উভয় দলই একাধিক গোলের সুযোগও পায়। তবে কোনো দলই তা কাজে লাগাতে না পারায় ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়।
sportsmail24

বিরতির কিছু সময় আগে মুষলধারে বৃষ্টি নামে। তবে অল্প কিছু সময় পরে বৃষ্টি থেমে যায়। প্রায় ১৭ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এ ম্যাচের অনেকটা সময় ধরেই মাঠে উত্তেজনা বিরাজ করলেও রেফারি আক্তার হোসেনের দক্ষতায় ম্যাচটিতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই উভয় দলই গোলের জন্য মরিয়া হয়ে উঠে। টাইব্রেকার এড়াতে উভয় দলই ম্যাচের নির্ধারিত সময়ের মধ্যেই গোল করার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে থাকে। গোল করার সুবর্ণ সুযোগও তৈরি হয়, তবে তা থেকে কোনো দলই গোল করতে না পারায় নির্ধারিত সময় গোলশূন্যভাবেই শেষ হয়। ফলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়।

দলের শক্তি বাড়াতে উভয় দলই নাইজেরিয়ান ফুটবলার দলভুক্ত করেছিল। মোহনপুর দুই ও পবা একজন নাইজেরিয়ান ফুটবলারকে দলভুক্ত করে। পবা তাদের নাইজেরিয়ান ফুটবলার বেনজামাকে দিয়েই বেশিরভাগ আক্রমণ চালানোর চেষ্টা করে। তবে মাঠের খেলায় সফল হতে পারেনি।

পবার নাইজেরিয়ান ফুটবলার বেনজামা মাঠের খেলায় গোল করতে না পারলেও টাইব্রেকারে সফল হন। মোহনপুরের নাইজেরিয়ান ফুটবলার টিমাকোও টাইব্রেকারে গোল করেন। তবে টাইব্রেকারে মোহনপুর উপজেলা ফুটবল দল পবা উপজেলা ফুটবল দলকে ৪-২ গোলে পরাজিত করে।

ম্যাচটি উপভোগ করতে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস


বিষয়ঃ

শেয়ার করুন :