রাজশাহীতে সফলভাবে শেষ হতে চলেছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। জেলা প্রশাসন ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে আর মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বর্তমান চ্যাম্পিয়ন মোহনপুর উপজেলা এবং দুর্গাপুর উপজেলা ফুটবল দলের ফাইনাল লড়াইয়ে শেষ হবে এবারের আসর।
২২ আগস্ট রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৯টি উপজেলা ও ১ টি সিটি করপোরেশন ফুটবল দল নিয়ে শুরু হয়েছিল এ টুর্নামেন্ট। টুর্নামেন্ট সফল করতে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের দিক নির্দেশনায় জেলা প্রশাসন ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন।
জেলা প্রশাসক শুধু দিক নির্দেশনা দিয়েই থেমে থাকেননি সময় পেলেই মাঠে ছুটে গিয়েছেন ম্যাচ উপভোগ করতে। ক্রীড়া সাংবাদিকরা সর্বাত্মক চেষ্টা করেছেন প্রতিটি ম্যাচের ফলাফল সর্বস্তরে পৌঁছে দিতে।
টুর্নামেন্টে প্রথম পর্যায়ে ৬ টি ম্যাচসহ দু'টি সেমি-ফাইনাল অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ম্যাচে বিপুুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সেই ধারাবাহিকতায় দু'টি সেমি-ফাইনালেও বিপুল সংখ্যক দর্শক সমাগম ঘটে।
জেলার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের ২২ হাজার দর্শকধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে ১৭ হাজার দর্শক উপস্থিত ছিল। দ্বিতীয় সেমি-ফাইনালেও প্রায় সমসংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। টুর্নামেন্টের অনেক ম্যাচেই মাঠে উত্তাপ ছিল। কখনও কখনও মাঠের উত্তাপ ছড়িয়ে পড়েছিল গ্যালারিতেও। তবে সেই উত্তাপ কখনও সহিংসতায় রূপ নেয়নি বরং সেই উত্তাপ যেন ফুটবলের আকর্ষণকে আরও বাড়িয়ে তুলেছে।
টুর্নামেন্টের সব দলের সমর্থকরাই সৌহার্দপূর্ণ আচরণের মাধ্যমে প্রতিটি ম্যাচ উপভোগ করেছেন। আর এতে জয় হয়েছে ফুটবলেরই। শনিবার (৫ সেপ্টেম্বর) ফাইনাল ম্যাচে দর্শক সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
একই সাথে আগের ম্যাচগুলোর মতো ফাইনালেও দর্শকরা সৌহার্দপূর্ণ আচরণের মাধ্যমে উপভোগ করবেন এবং এর মাধ্যমে রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সফল সমাপ্তিতে সহায়তা করবেন সকলের প্রত্যাশা।

মো. ফয়সাল আলম