সাফের সেমিফাইনাল-ফাইনালে থাকবে ভিএআর, নিয়ন্ত্রণ থাইল্যান্ডে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৫ পিএম, ১৩ নভেম্বর ২০২৬
সাফের সেমিফাইনাল-ফাইনালে থাকবে ভিএআর, নিয়ন্ত্রণ থাইল্যান্ডে

দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশে চলমান সাফ চ্যাম্পিয়নশিপ। প্রথমবারের মতো সাফের প্রতিযোগিতায় ব্যবহার হবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। ঢাকায় চলমান সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনাল ও ফাইনাল ম্যাচে থাইল্যান্ড থেকে এই প্রযুক্তির ব্যবহার।

আধুনিক ফুটবলে রেফারিংয়ের মান ও সিদ্ধান্তের নির্ভুলতা বাড়াতে ভিএআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার দক্ষিণ এশিয়ার ফুটবলেও যুক্ত হচ্ছে এই প্রযুক্তি। আসিয়ান ফুটবল ফেডারেশন (এএফএফ) ও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) যৌথ সহযোগিতায় এটি বাস্তবায়ন করা হবে।

স্পেনভিত্তিক ফিফা-স্বীকৃত প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ালিটি এই প্রযুক্তিগত কার্যক্রম পরিচালনা করবে। প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যক্রম পরিচালিত হবে থাইল্যান্ড থেকে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ তিনি অনুষ্ঠিত হলেও থাইল্যান্ড থেকে ভিএআর কার্যক্রম পরিচালিত হবে।

রিমোট ভিএআর পদ্ধতিতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ফুটেজ সরাসরি থাইল্যান্ডের কেন্দ্রীয় ভিএআর অপারেশন হাবে পাঠানো হবে। সেখানে ফিফা ও সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী প্রশিক্ষিত ভিডিও ম্যাচ অফিশিয়ালরা গুরুত্বপূর্ণ ঘটনা পর্যালোচনা করে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) ভিএআর প্রটোকল অনুসরণ করে মাঠের রেফারিকে প্রয়োজনীয় পরামর্শ ও সিদ্ধান্ত জানানো হবে।

ভিএআর পরিচালনার সুবিধার্থে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ইতিমধ্যে রেফারি রিভিউ এরিয়া (আরআরএ) এবং টেকনিক্যাল অপারেশনস টিম এরিয়া মনিটর (টিওটিএএম) স্থাপন করা হয়েছে। প্রযুক্তির নির্বিঘ্ন ব্যবহার নিশ্চিত করতে কোয়ালিটির বিশেষজ্ঞ দলও স্টেডিয়ামে কাজ করছে।

সাফের সেমি-ফাইনাল ও ফাইনালের দায়িত্বে থাকা নির্বাচিত রেফারি এবং সহকারী রেফারিরা ভিএআর পরিচালনার নিয়ম ও পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণপ্রাপ্ত এবং সনদপ্রাপ্ত। ফলে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই ম্যাচগুলোতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে।

সাফে প্রথমবার ভিএআর চালুর বিষয়টিকে দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল।

ভিএআর সম্পর্কে সাফকে দেওয়া বার্তা তিনি বলেন, “ভিএআর চালু দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত। আমাদের প্রতিযোগিতার পেশাদার মান বাড়ানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রযুক্তি চালুতে মূল্যবান সহযোগিতার জন্য এএফসি এবং এএফএফ-এর প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “আধুনিক ফুটবলে ভিএআর এখন অবিচ্ছেদ্য অংশ। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের নির্ভুলতা বাড়ানোর পাশাপাশি ন্যায্যতা, স্বচ্ছতা ও খেলার সততা নিশ্চিত করতে এটি ভূমিকা রাখে। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ শুধু টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মানই বাড়াবে না, দক্ষিণ এশিয়ার ফুটবলে উন্নত প্রযুক্তির আরও বিস্তৃত ব্যবহারের পথও তৈরি করবে।”

সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তির সংযোজনকে দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলের আধুনিক প্রযুক্তি ও মানদণ্ডের সঙ্গে তাল মেলানোর পাশাপাশি সাফ প্রতিযোগিতার খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের জন্য আরও উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করতে চায় বলেও জানানো হয়।



শেয়ার করুন :