গামিনির মেয়াদ বাড়িয়েছে বিসিবি, বাড়েনি বেতন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৯ পিএম, ৩১ জুলাই ২০২৫
গামিনির মেয়াদ বাড়িয়েছে বিসিবি, বাড়েনি বেতন

পিচ তৈরি নিয়ে নানা সমালোচনা থাকলেও মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রধান কিউরেটর গামিনি ডি সিলভার উপরেই আস্থা রাখলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তি শেষ হয়ে যায় এ লঙ্কান কিউরেটরের সাথে আরও একবছরের নিয়োগ প্রক্রিয়া শেষ করেছে বিসিবি। তবে নতুন এ মেয়াদে গামিনির বেতন বাড়ানো হয়নি।

২০১০ সালের অক্টোবরে প্রধান কিউরেটর হিসেবে দুই বছরের চুক্তিতে বিসিবিতে যোগ দেন। এরপর ২০১১ বিশ্বকাপের পর মিরপুর স্টেডিয়ামের পিচের দায়িত্ব নেওয়ার পর থেকে ক্রমান্বয়ে দায়িত্বের মেয়াদ বেড়েছে তার। একই সাথে বৃদ্ধি পেয়েছে পারিশ্রমিক।

সর্বশেষ চুক্তি অনুযায়ী আজ ৩১ জুলাই (বৃহস্পতিবার) তার চাকরির মেয়াদ শেষ। তবে তার আগেই বিসিবির সাথে আরও এক বছরের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। নতুন চুক্তি অনুযায়ী এখন ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশে কাজ করবেন গামিনি। এই নিয়ে বিসিবির সাথে ১৫ বছরের মতো পথ চলার যাত্রা শুরু হলো।

গামিনির সাথে বিসিবির এ নতুন চুক্তির তথ্য ইংরেজি দৈনিক দ্য ডেইলি সানের এক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালে প্রথমবারের মেয়াদের গামিনির মাসিক বেতন ছিল ৩ হাজার মার্কিন ডলার। যা প্রতিবার মেয়াদ বাড়ার সাথে সাথে বৃদ্ধি পেয়েছে।

২০১১ বিশ্বকাপের পর মিরপুরের পিচের দায়িত্ব নেওয়ার পর সর্বশেষ মেয়াদে গামিনির বেতন ছিল মাসিক সাড়ে ৪ হাজার ডলার। এর সাথে বছরের ৩০ দিনের ছুটি এবং ঢাকা-কলম্বো-ঢাকার বিমান ভ্রমণের টিকিট বাবদ বার্ষিক ৪ হাজার ডলার দিত বিসিবি। নতুন চুক্তিতে বেতন না বাড়ায় আগের মতোই সম্মানি পাবেন গামিনি ডি সিলভা।

বেতনের পাশাপাশি ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি পূর্ণকালীন গাড়ি, মোবাইল বিল বাবদ ৩ হাজার টাকা (মাসিক) এবং আবাসনের জন্য মাসে ৫৫ হাজার টাকা দেওয়া হয়। নতুন চুক্তিতে এগুলোও বলবত রয়েছে।

চুক্তি অনুযায়ী বিসিবি চাইলে যেকোন সময় গামিনিকে বাতিল করতে পারবে। তবে সেক্ষেত্রে দুই মাসের নোটিশ দেওয়ার বিধি রয়েছে। অর্থাৎ, তাৎক্ষণিক বিদায় করতে চাইলে বিসিবিকে দুই মাসের বেতন পরিশোধ করতে হবে।

মিরপুরের প্রধান কিউরেটর হিসেবে গামিনির দায়িত্ব পালনকালে বাংলাদেশ ২২টি টেস্টের মধ্যে ৮টিতে জয় পেয়েছে, যার মধ্যে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো টেস্ট জায়ান্টদের বিরুদ্ধেও জয় রয়েছে। এছাড়া গামিনির বানানো পিচে মিরপুরে ৩০টি ওয়ানডে এবং ২১টি টি-টোয়েন্টি জিতেছে বাংলাদেশ। তবে বেশির ভাগ ম্যাচেই পিচ নিয়ে নানা সমালোচনা তৈরি হয়েছে।



শেয়ার করুন :