দাপুটে জয়ে বাংলাদেশের বিপক্ষে সমতায় ফিরলো শ্রীলঙ্কা

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১০:০৮ এএম, ২৩ এপ্রিল ২০২৬
দাপুটে জয়ে বাংলাদেশের বিপক্ষে সমতায় ফিরলো শ্রীলঙ্কা

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে সমতা ফিরলো সফররত শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছেন লঙ্কান মেয়েরা।

বুধবার (২২ এপ্রিল) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে খুব বেশি দূর এগোতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ৪৫.৫ ওভারে অলআউট হয় মাত্র ১৬৫ রানে।

জবাবে শ্রীলঙ্কা নারী দল ৭০ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়। সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২০৫ রানে অলআউট করে ৩ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়া কেউই সেভাবে ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। ১০১ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন জ্যোতি।

এছাড়া মাত্র ৪ রানে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস (২) ও আগের ম্যাচে ৮৬ রান করা শারমিন আক্তারকে (০) হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ২৫ রান করা ওপেনার শারমিন সুলতানার সঙ্গে তৃতীয় উইকেটে ৪৫ রানের জুটিতে বিপর্যয় কিছুটা সামাল দেন নিগার।

তবে বাকি ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় বড় সংগ্রহে যেতে পারিনি বাংলাদেশ। ২০ রান করেন নাহিদা, ১৭ রান আসে রিতুর ব্যাট থেকে। বাংলাদেশ নারী দলকে গুটিয়ে দেওয়ার পথে ৩৬ রানে ৩ উইকেট নেন আতাপাত্তু।

জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০.২ ওভারের মধ্যে ৪৬ রানে ২ উইকেট হারালেও আস্কিং রেট বাড়তে দেয়নি। চতুর্থ উইকেটে হর্ষিতা সামারাবিক্রমা ও হানসিমা করুনারত্নের ৭৭ রানের জুটি তাদের জয়ের ভিত গড়ে দেয়।

ফিফটি (৫০) তুলে নেওয়া সামারাবিক্রমা তৃতীয় উইকেটে আতাপাত্তুর সঙ্গেও ৩৩ রানের জুটি গড়েন। ৪০ রান করেন আতাপাত্তু ও করুনারত্নে। বাংলাদেশকে হারিয়ে দেওয়ার ম্যাচে ম্যাচ সেরা নির্বাচিত হন শ্রীলঙ্কার আতাপাত্তু।

মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস



শেয়ার করুন :