ক্রিকেটে ব্যস্ত সূচি ও কাজের চাপ সামলানোর জন্য আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের পর ক্রিকেট থেকে বিরতির কথা ভাবছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি।
জ্যোতি বলেন, “আমি গত ছয় মাস ধরে ক্রিকেট খেলছি, তাই কাজের চাপ সামলানো গুরুত্বপূর্ণ। এ জন্য আমি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে কাজ করার জন্য বিরতির কথা ভাবছি।”
তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নেবেন না বলে স্পষ্ট করেছেন জ্যোতি। ঘরোয়া লিগ জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলবেন না তিনি। বিশ্বকাপের পর এনসিএল অনুষ্ঠিত হবে।
অধিনায়ক জ্যোতি বলেন, “আমার বিরতিটা আন্তর্জাতিক ক্রিকেটে না, শুধু নারীদের এনসিএল খেলব না। এ সময় দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরও ভালোভাবে প্রস্তুত করার জন্য কিছু নির্দিষ্ট ক্ষেত্রে কাজ করবো।”
