ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় প্রবাসী জীবন বেছে নেওয়া জাহানারা আলম আবারও দেশের হয়ে খেলতে চান। শুধু জাতীয় দলে নয়, ঘরোয়া ক্রিকেটেই নিয়মিত হতে চান বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইং প্রধান রফিকুল ইসলামের সঙ্গে জাহানারা আলম এ বিষয়ে যোগাযোগ করেছেন বলে প্রথম আলোর এক সংবাদে জানানো হয়েছে।
দেশের শীর্ষস্থানীয় এই দৈনিকে রফিকুল ইসলাম জানান, জাহানারা তার সাথে ছাড়াও বিসিবির বেশ কয়েকজনের সাথে কথা বলেছে। জাহানারা জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটও খেলতে রাজি আছে।
দলে ফিরতে হলে যোগ্যতার পরীক্ষায় পাস করতে হবে জানিয়েছেন রফিকুল ইসলাম। তিনি বলেন, জাতীয় দলে যেই খেলতে আসবে তাকে যোগ্যতা দিয়েই আসতে হবে। যোগ্যতা এবং ফিটনেস টেস্টে খেলার উপযোগী বলে মনে হলে এবং নির্বাচকেরা যদি মনে করেন তার (জাহানারা) জাতীয় দলে খেলার যোগ্যতা আছে, তাহলে খেলবে।
২০২৪ সালের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন জাহানারা। অস্ট্রেলিয়ায় থাকা অবস্থায় বিসিবির নারী বিভাগের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন তিনি। বিষয়টি নিয়ে তদন্ত কমিটিও গঠন করেছিল বিসিবি।
