‘সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ’ নামে একটি নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই উদ্যোগের লক্ষ্য হলো- ফ্র্যাঞ্চাইজি বা ক্লাব লিগের বাইরে থাকা খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক পর্যায়ে সুযোগ প্রদানের মাধ্যমে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের প্রবাহ শক্তিশালী করা।’
বিসিবি আরও বলে, সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগের দল গঠন, ম্যাচের সময়সূচী এবং পরিচালনা সংক্রান্ত সব কিছু বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
ইভেন্টি পরিচালনার জন্য বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদকে মনোনীত করা হয়েছে। বগুড়া এবং রাজশাহী ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। নতুন বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে লিগটি শুরু হওয়ার কথা রয়েছে।
ছয় থেকে আটটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। খেলোয়াড় নির্বাচন করবেন জাতীয় নির্বাচন প্যানেলের সদস্যরা। চলমান বিপিএলের নিলামে থাকার পরও যারা দল পায়নি এবং ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লীগে অংশ না নেওয়া আটটি দলের সাথে চুক্তিবদ্ধ খেলোয়াড়রা লিগে খেলার সুযোগ পাবেন।
