শ্রীলঙ্কার বিপক্ষে ১১৫ রানের পুঁজি নিয়েও বোলারদের দুর্দান্ত নৈপুন্যে রাইজিং স্টার্স এশিয়া কাপে রোমাঞ্চকর জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ নারী দলকে ৪ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ব্যাংককে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ ‘এ’ দল। ৩৫ বলে ৪৮ রানের সূচনা করেন দুই ওপেনার ইসমা তানজিম ও শামিমা সুলতানা। উইকেটে সেট হয়ে ইসমা ৩০ ও শামিমা ১৭ রানে আউট হন।
এরপর শারমিন সুলতানা ২৯ ও রুবায়া হায়দার ১১ রানে থামেন। ১০৪ রানে পঞ্চম উইকেট পতনের পর মিডল অর্ডার ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে না পারায় ১৯.৫ ওভারে ১১৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
মিডল ও লোয়ার অর্ডারের কোন ব্যাটারই দুই অংকে পা রাখতে পারেননি। ৩৪ রানে শেষ ৬ উইকেট হারায় বাংলাদেশ। শ্রীলঙ্কার সাচিনি নিসানসাল ১৪ রানে ৪ উইকেট নেন।
১১৬ রানের টার্গেটে খেলতে নেমে ৫ উইকেটে ৯৫ রান তুলেছিল শ্রীলঙ্কা ‘এ’ দল। ৫ উইকেট হাতে নিয়ে শেষ ১৩ বলে ২১ রান দরকার পড়ে লঙ্কানদের। তবে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে জয়ের বন্দরে পা রাখতে পারেনি শ্রীলঙ্কা।
২০ ওভারে ৯ উইকেটে ১১১ রানে থামে তারা। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন হানসিমা করুনারত্নে। শ্রীলঙ্কার ইনিংসের শুরুতে একটি ও ডেথ ওভারে ২ উইকেট শিকার করেন বাংলাদেশের স্পিনার সানজিদা আকতার মেঘলা।
বল হাতে ১৮তম ওভারের শেষ দুই বলে নেন ২ উইকেট। ৪ ওভারে ২০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মেঘলা। এছাড়া ফাহিমা খাতুন ও লতা মন্ডল ২টি করে উইকেট নেন।
