শেষ ওভারে ফারজানার চার-ছক্কা, থাইল্যান্ডকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
শেষ ওভারে ফারজানার চার-ছক্কা, থাইল্যান্ডকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের গ্রুপ পর্বের ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে স্বল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমেও হারের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। তবে ফারজানা ইয়াসমিনের চার-ছক্কায় শেষ পর্যন্ত জয় পেয়েছে টাইগ্রেসরা।

টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৩ রানের সংগ্রহ গড়ে স্বাগতিক থাইল্যান্ড। জবাবে ১ বল বাকি থাকতে ৩ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ নারী দল।

এ জয়ে ‘বি’ গ্রুপ থেকে সবার আগে সেমি-ফাইনাল খেলা নিশ্চিত করেছে ফাহিমা খাতুনরা। ২ ম্যাচে ২ জয়ে বাংলাদেশের সংগ্রহ সর্বোচ্চ ৪ পয়েন্ট। গ্রুপে সমান ২ করে পয়েন্ট সংগ্রহ করেছে শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। এখন তাদের মধ্যকার ম্যাচে জয় দল সেরা চারের টিকিট পাবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) থাইল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। তবে একের পর এক উইকেট হারালেও মাঝপথে দলকে পথ দেখান লতা মণ্ডল এবং শামিমা সুলতানা জুটি। তাদের জুটি থেকে আসে ৪৩ রান।

শামিমা ফিরে (২৬) গেলেও দলনেতা ফাহিমা খাতুনকে নিয়ে রানের চাকা সচল রাখেন লতা। ফাহিমা ১২ রানে ফিরলে ১৯ রানের ভাঙে তাদের জুটি। এরপর শেষ দিকে ফারজানা ইয়াসমিনের সাহসী ব্যাটিংয়ে জয় পায় বাংলাদেশ।

শেষ ৬ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ৩২ রান। হাতে ৫ উইকেট থাকলেও শেষ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১২ রান।তবে ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে চার-ছক্কা হাঁকিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন ফারজানা।

এক বল বাকি থাকতেই দলকে জয় উপহার দেওয়া ফারজানা ইয়াসমিন হয়েছেন ম্যাচ সেরা। দলে জয়ে ব্যাট হাতে ১৫ বলে ২৩ রানের ইনিংস খেলেছেন তিনি। তবে দলের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেছেন লতা মন্ডল। ৪০ বলের লতার ইনিংসে দুটি চারের মার ছিল।



শেয়ার করুন :