ডিপিএল: প্রথম দিনে ৭৯ ক্রিকেটারের দলবদল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১১ পিএম, ১৮ এপ্রিল ২০২৬
ডিপিএল: প্রথম দিনে ৭৯ ক্রিকেটারের দলবদল

দলবদলের পর নাঈম শেখের ফটোসেশন, ছবি- বিসিবি

অনিশ্চয়তা কেটে যাওয়ায় মাঠে গড়ানোর পথে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সেই ধারাবাহিকতায় মিরপুরে ঢাকা মহানগর ক্রিকেট কমিটি (সিসিডিএম) কার্যলয়ে অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেটারদের দলবদল। শনিবার (১৮ এপ্রিল) প্রথম দিনে মোট ৭৯ জন ক্রিকেটার দলবদল করেছেন।

সিসিডিএম-এর কার্যলয়ে সরাসরি উপস্থিতের পাশাপাশি অনলাইনেও করা যাচ্ছে দলবদল। অলনাইন সুবিধা থাকলেও প্রথম দিন উল্লেখযোগ্য ক্রিকেটারের উপস্থিতি লক্ষ্য করা যায়।

বিসিবির বিতর্কিত নির্বাচনের পর ক্লাবগুলোর বয়কটে ডিপিএলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জেগেছিল। ক্লাবগুলো আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে ‘অবৈধ’ দাবি করেছিল। তবে কমিটি ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর অচলাবস্থার সমাধান হয়েছে।

ডিপিএলে প্রতিটি দলের জন্য ২৫ লাখ টাকা অনুদান বরাদ্দ করেছে বিসিবি। সময়ের অভাবে এ মৌসুমে রেলিগেশন ও সুপার লিগ পর্ব বাতিল হয়েছে। ফলে এবার শুধুমাত্র একক রাউন্ড-রবিন ফরম্যাটে লিগ অনুষ্ঠিত হবে।

দলবদলের প্রথম দিনেই মাঠে ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের পাশাপাশি শিরোপার জন্য শক্তিশালী দল সাজিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

প্রথম দিন ডিপিএল ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান এনামুল হক বিজয়কে দলে ভিড়িয়েছে মোহামেডান। পাশাপাশি নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন এবং রিপন মন্ডলকে দলে নিয়েছে ক্লাবটি।

তবে মোহামেডান থেকে মাহমুদউল্লাহ রিয়াদকে দলে নিয়েছে প্রাইম ব্যাংক। এছাড়া তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিবকেও দলে যুক্ত করেছে ক্লাবটি।

বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী মূল খেলোয়াড়দের ধরে রাখার পাশাপাশি জাতীয় দলের সৌম্য সরকার, জাকের আলী অনিক এবং সাব্বির রহমানকে দলে ভিড়িয়েছে।

এছাড়া নবাগত ঢাকা লিওপার্ডস অভিজ্ঞ মমিনুল হক ও মোহাম্মদ মিঠুনকে দলে নিয়েছে। সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ পারফরমেন্স করা দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে নিয়েছে তারা।


বিষয়ঃ

শেয়ার করুন :