ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) উদ্বোধনী দিনেই বড় ঘটনার জন্ম দিয়েছে ঢাকা লিওপার্ডস। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে লিওপার্ডস।
সোমবার (৪ মে) বৃষ্টির কারণে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত আবাহনী ও লিওপার্ডস ম্যাচটি ৩০ ওভারে নামিয়ে আনা হয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১২ রানে ২ উইকেট হারায় আবাহনী। ওপেনার সৌম্য সরকার শূন্য হাতে এবং জিশান আলম ৬ রানে আউট হন।
এরপর আবাহনীকে বিপদমুক্ত করেন মাহিদুল ইসলাম অঙ্কন ও মেহেরব হাসান। তৃতীয় উইকেটে ৬১ রান যোগ করেন তারা। এতে ২ উইকেটে ৭৩ রানে পৌঁছে যায় আবাহনী। এরপর নিয়মিত বিরতিতে ৪ উইকেট হারায় তারা।
এ সময় মাহিদুল ও মেহেরব ৩৮ রান করে, অধিনায়ক মোসাদ্দেক হোসেন ১৭ ও জাকের আলি ৪ রানে আউট হন। এতে ১২৮ রানে ষষ্ঠ উইকেট পতন হয় আবাহনীর।
এ অবস্থায় আবাহনীকে টেনে তোলার চেষ্টা করেন সাত নম্বরে নামা সাব্বির রহমান। মারমুখী ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকেন তিনি। সাব্বিরের ঝড়ো ব্যাটিংয়ে ৩০ ওভারে ৮ উইকেটে ১৮১ রানের সংগ্রহ পায় আবাহনী। ২টি চার ও ৫টি ছক্কায় ২৯ বলে অপরাজিত ৫৫ রান করেন সাব্বির।
বোলিংয়ে লিওপার্ডসের মইন খান ৬ ওভারে ২১ রানে ৩ উইকেট নেন।
জবাবে জাওয়াদ আবরার ২৩, সৈকত আলি ২৮ ও অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৩৭ রানে আউট হলেও লিওপার্ডসের জয়ের পথ সহজ করেন ওপেনার জাকির হাসান। ৬টি চার ও ৩টি ছক্কায় ৬৬ বলে ৭৪ রানের ইনিংস খেলেন জাকির। তৃতীয় উইকেটে মিঠুন-জাকির ৭৩ রানের জুটি গড়েন।
শেষ দিকে ইফতেখার হোসেন ইফতি ৯ ও আলাউদ্দিন বাবু ৫ রানে অপরাজিত থেকে লিওপার্ডসের জয় নিশ্চিত করেন। ম্যাচ সেরা হন জাকির।
আবাহনীর মোসাদ্দেক-মেহেরব ও মাহফুজুর রাব্বি ১টি করে উইকেট নেন।
