ক্রীড়া কূটনীতিতে নতুন দিগন্ত, চীনের সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ২১ এপ্রিল ২০২৬
ক্রীড়া কূটনীতিতে নতুন দিগন্ত, চীনের সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে বাংলাদেশ

চারদিনের সরকারি সফরে চীনে অবস্থান করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সফরের মূল উদ্দেশ্য ‘৬ষ্ঠ এশিয়ান বিচ গেমস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ। তবে সফরে গিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে ক্রীড়া নতুন গতিপথ আনতে কাজ করছেন।

সফরের প্রথম দিন মঙ্গলবার (২১ এপ্রিল) হাইনান প্রদেশের ভাইস গভর্নর এইচ. ই. মিস ঝি জিং, পর্যটন ও ক্রীড়া দপ্তরের মহাপরিচালক মিস্টার চেন তিয়েজুন এবং সানিয়া সিটির ভাইস মেয়র মিস্টার ফ্যান ওয়েইঝেং-এর সাথে একটি উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে ক্রীড়া কূটনীতি এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল সার্ফিং, শুটিং, ভলিবল এবং টেবিল টেনিসের মতো খেলাগুলোতে কারিগরি সহযোগিতা সম্প্রসারণ করা।

এ সময় উভয় দেশ উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করতে দক্ষ কোচ এবং আধুনিক প্রযুক্তি বিনিময়ের বিষয়ে একমত পোষণ করেন। বাংলাদেশের ক্রীড়া খাতের প্রতিভা অন্বেষণে বিকেএসপি-সহ বিভিন্ন ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চতর বৃত্তির সুবিধা বৃদ্ধির বিষয়ে কার্যকর আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের ক্রীড়া উন্নয়নের পথনকশা তৈরিতে সমঝোতা স্মারক (MoU) ও দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। একটি বিশেষ অর্জনের দিক হিসেবে, চীনের প্রতিনিধিরা বাংলাদেশের ক্রিকেটীয় সাফল্যের প্রশংসা করেন এবং বাংলাদেশ থেকে অভিজ্ঞ ক্রিকেট কোচ নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া বৈঠকে তৃণমূল পর্যায়ে নারী খেলোয়াড়দের অংশগ্রহণ বৃদ্ধি এবং প্যারা স্পোর্টস বা বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

২৩ এপ্রিল পর্যন্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এই সফর চলবে, যা বাংলাদেশ ও চীনের ক্রীড়া সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।



শেয়ার করুন :