নিজেদের মাঠে বরিশালকে হারিয়ে জয়ের স্বাদ পেল রাজশাহী

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৪:১৪ পিএম, ২১ অক্টোবর ২০২৬
নিজেদের মাঠে বরিশালকে হারিয়ে জয়ের স্বাদ পেল রাজশাহী

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) নিজেদের মাঠে বরিশাল বিভাগকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেল রাজশাহী বিভাগ। এর আগে রাজশাহী নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম ও দ্বিতীয় ম্যাচে খুলনার সাথে ড্র করেছিল।

তৃতীয় রাউন্ডে এসে প্রথম জয়ের পর ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী। আর ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে খুলনা বিভাগ।

বুধবার (২১ অক্টোবর) রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ ও শেষ দিনে মধ্যাহ্নভোজের আগেই মাত্র ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রাজশাহী বিভাগ। বরিশাল বিভাগ আগের দিনের ৫ উইকেটে করা ২৪৯ রান নিয়ে খেলতে নেমে চতুর্থ ও শেষ দিনে শফিকুলের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২৫ রান যোগ করতেই বাকী উইকেটগুলো হারিয়ে ফেলে।

শফিকুল শেষ দিনে তিন উইকেট দখল করেন। বরিশাল ২৭৪ রানে অলআউট হয়। ফলে জয়ের জন্য রাজশাহীর টার্গেট দাঁড়ায় মাত্র ৪৭ রান।

বরিশালের পক্ষে জাওয়াদ আবরার সর্বোচ্চ ৯১ রান করেন। এছাড়া হাফিজুর রহমান ৩৯, ও আব্দুল্লাহ ৩৪ রান করেন। রাজশাহীর বোলারদের মধ্যে শফিকুল ৭৩ রানে ৫টি ও সানজামুল ইসলাম ১০২ রানে ২টি উইকেট লাভ করেন।

মাত্র ৪৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটার সোহান দলীয় ও ব্যক্তিগত ১ রানে আউট হওয়ার পর প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা নাঈম আহম্মেদ ব্যক্তিগত ৮ রানে আউট হন।

পরবর্তীতে আধিনায়ক প্রীতম কুমার ও অপর উদ্বোধনী ব্যাটার সাব্বির হোসেন বাকি রান সংগ্রহ করে মধাহ্নভোজের আগেই জয় নিয়ে মাঠ ছাড়েন। সাব্বির হোসেন ২৩ ও অধিনায়ক প্রীতম কুমার ১৬ রানে অপরাজিত থাকেন।

প্রথম ইনিংসে ২০২ রানে অপরাজিত থাকা রাজশাহীর নাঈম আহমেদ প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।

মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস


বিষয়ঃ

শেয়ার করুন :