বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনে কাউন্সিলরের নাম আহ্বানের জন্য অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংগঠনের তালিকা চূড়ান্ত করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাড-হক কমিটি। একই সঙ্গে অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংগঠনের কাছ থেকে ১৬ মে’র মধ্যে কাউন্সিলরদের নাম চায় বিসিবি।
বুধবার (৬ মে) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবির অ্যাড-হক কমিটির চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিসিবি সংবিধানের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে মোট ১৯২ জন কাউন্সিলরের জন্য অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংগঠনের তালিকা চূড়ান্ত করা হয়েছে।
বিসিবি শিগগিরই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে চিঠি পাঠিয়ে তাদের মনোনীত কাউন্সিলরদের নাম ১৬ মে’র মধ্যে পাঠানোর অনুরোধ জানাবে।
ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় প্রতিনিধি):
এই ক্যাটাগরিতে মোট ৭১ জন কাউন্সিলর মনোনীত হবেন। এছাড়া নির্বাচনে এই ক্যাটাগরি থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হবে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে ২ জন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে ১ জন করে পরিচালক নির্বাচিত হবেন।
ক্যাটাগরি-০২ (ক্লাব ):
এই ক্যাটাগরি থেকে ৭৬ জন কাউন্সিলর মনোনীত হবেন। যাদের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন।
ক্যাটাগরি-০৩ (বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সংস্থা):
এই ক্যাটাগরি থেকে ৪৫ জন কাউন্সিলর মনোনীত হবে। যাদের ভোটে ১ জন বিসিবির পরিচালক হিসেবে নির্বাচিত হবেন।
তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান অ্যাড-হক কমিটির তৃতীয় সভায় নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এবার কাউন্সিলারদের নাম চাওয়ার মধ্য দিয়ে আসন্ন বোর্ড নির্বাচনের পথে এটি গুরুত্বপূর্ণ আরও একটি ধাপ এগিয়ে গেল।
