বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচনে ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাঈদ ইব্রাহিম আহমেদ। তিনি বর্তমান সরকোরের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে এবং বিসিবি অ্যাডহক কমিটির সদস্য।
বুধবার (২০ মে) মিরপুরে বিসিবির কার্যালয়ে অবস্থিত নির্বাচন কমিশনের অফিস থেকে সশরীরে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাঈদ ইব্রাহিম আহমেদ।
বিসিবির আসন্ন নির্বাচনকে সামনে রেখে ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব থেকে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ। ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে মোট ১২ জন পরিচালক নির্বাচিত হন।
তফসির অনুযায়ী, ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিতরণ করা হবে। এছাড়া ২১ ও ২২ মে মনোনয়নপত্র দাখিল এবং ২৩ মে মনোনয়নপত্র যাচাই ও তালিকা প্রকাশ করা হবে।
২৪ মে আপিল গ্রহণ ও শুনানি শেষে পরদিন ২৫ মে মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সকল কার্যশেষে ৭ জুন বিসিবির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ওই দিনই ফলাফল প্রকাশ করা হবে।
