জিম্বাবুয়ের নতুন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ০২ জুলাই ২০২৬
জিম্বাবুয়ের নতুন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ

জিম্বাবুয়ে ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব পেলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার কোর্টনি ওয়ালশ। গত ২৩ জুন বোর্ড সভায় বাংলাদেশের সাবেক বোলিং কোচ ওয়ালশকে নিয়োগের সিদ্বান্ত নেয় জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। ১ জুলাই আনুষ্ঠানিকভাবে ওয়ালশের নিয়োগ চূড়ান্ত করে জেডসি।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে জিম্বাবুয়ের বোলিং কোচের দায়িত্ব শুরু করবেন ওয়ালশ। চলতি বছর ভারত ও শ্রীলঙ্কা অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে দলের পরামর্শক ছিলেন ওয়ালশ।

ওই আসরে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সুপার এইটে খেলার টিকিট পায় জিম্বাবুয়ে। সর্বশেষ আসরে সুপার এইটে খেলার সুযোগ পেয়ে ২০২৮ সালের বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে তারা।

দলের প্রধান কোচ জাস্টিন স্যামন্সকে বহাল রেখেছে জিম্বাবুয়ে। সহকারী কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন ডিওন ইব্রাহিম। লোয়ার অর্ডার ব্যাটিং কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন স্টুয়ার্ট মাৎসেকেনিয়ারি।

৬ জুলাই থেকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে জিম্বাবুয়ে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দু’দল। যা ১৫ জুলাই থেকে শুরু হবে। এর আগে এক ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে ইনিংস ও ৮৫ রানে হারিয়েছে জিম্বাবুয়ে।



শেয়ার করুন :