ম্যাকাই টেস্ট নিয়ে বাংলাদেশকে সাবধান করলেন অ্যালান ডোনাল্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২১ পিএম, ২০ আগস্ট ২০২৬
ম্যাকাই টেস্ট নিয়ে বাংলাদেশকে সাবধান করলেন অ্যালান ডোনাল্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে কোন ধরনের প্রলোভনে বাংলাদেশের পা দেওয়া উচিত হবে না বলে সতর্ক করেছেন টাইগারদের সাবেক পেস বোলিং কোচ ও দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড। ডারউইনে যে কৌশল অনুসরণ করে জয় পেয়েছে বাংলাদেশ, ম্যাকাইতে দ্বিতীয় টেস্টেও সেটা ধরে রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে পুরো চারদিন চাপে রেখে ৯ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। যা অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয় এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় জয়।

২০২৩ সালে দায়িত্ব ছাড়ার আগে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে কাজ করা ডোনাল্ড সতর্ক করে বলেছেন, সিরিজে পিছিয়ে পড়া অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে শক্তভাবে ঘুরে দাঁড়াবে এবং সিরিজ হার এড়াতে মরিয়া থাকবে। এএফপিকে দেওয়া ৫৯ বছর বয়সী ডোনাল্ড বলেন, “বাংলাদেশকে দ্বিতীয় টেস্টে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করতে অস্ট্রেলিয়া তাদের সব অস্ত্র নিয়ে মাঠে নামবে।”

দুই ম্যাচের সিরিজে একটি ম্যাচ জিতলেই সিরিজে এগিয়ে থাকা দলের জন্য পরিস্থিতি ভিন্ন হলেও বাংলাদেশকে রক্ষণাত্মক হওয়ার ব্যাপারে সতর্ক করেছেন সাবেক এই পেসার। বলেন, “দুই ম্যাচের সিরিজে সহজেই বলা যায়, ‘আসলে কিছুই হয়নি; আমরা সিরিজ হারতে পারি না’, এরপর রক্ষণাত্মক হয়ে ভাবা যায়, ‘যদি ম্যাচটা ড্র করতে পারি, তাহলে আমাদের কাজ হয়ে গেছে।”

ডোনাল্ডের মতে, ডারউইনে যে ‌‘একই পরিকল্পনা’ অনুসরণ করে বাংলাদেশ খেলেছে, সেটির উপরই বিশ্বাস রাখতে হবে। তিনি বলেন, “আগের ম্যাচে ৫৪ রানে অলআউট হওয়ার পর সত্যি বলতে কিছুটা ধাক্কা লাগতেই পারে। কিন্তু এরপর তাদের প্রতিক্রিয়াটা ছিল অসাধারণ।”

বাংলাদেশের পেস বোলিং আক্রমণের বর্তমান শক্তিরও প্রশংসা করেছেন ডোনাল্ড। বলেন, “তারা (বাংলাদেশের পেসার ইউনিট) আধিপত্য বিস্তার করে বোলিং করেছে। হাসান এখন অবিশ্বাস্য ফর্মে আছে। তার জন্য আমি খুবই খুশি।”

তিনি আরও বলেন, “কয়েক বছর আগে নেটে যখন প্রথম তাকে দেখেছিলাম, তখনই মনে হয়েছিল, এই ছেলেটির দক্ষতা আছে। তার নিয়ন্ত্রণ অসাধারণ; বলকে একেবারে নির্দিষ্ট জায়গায় ফেলতে পারে এবং দুই দিকেই সুইং করাতে পারে।”

ডারউইনে বাংলাদেশের বোলারদের পারফরম্যান্স দলের পেস বোলিংয়ের গভীরতারও প্রমাণ দিয়েছে বলে মনে করেন ডোনাল্ড। বিশেষ করে দ্রুতগতির পেসার নাহিদ রানা চোটের কারণে বাইরে থাকার পরও বাংলাদেশ যে শক্তিশালী বোলিং আক্রমণ নিয়ে মাঠে নামতে পেরেছে, সেটি তিনি গুরুত্ব দিয়ে উল্লেখ করেন।

২২ আগস্ট (শনিবার) থেকে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয়। এই টেস্ট দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ করবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল।



শেয়ার করুন :