আইসিসির ডিমেরিট পয়েন্ট থেকে মুক্ত হলো গাদ্দাফি স্টেডিয়াম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২০ আগস্ট ২০২৬
আইসিসির ডিমেরিট পয়েন্ট থেকে মুক্ত হলো গাদ্দাফি স্টেডিয়াম

আইসিসির ডিমেরিট পয়েন্ট থেকে মুক্ত হলো পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) করা আপিলের পর স্টেডিয়ামটির বিপক্ষে দেওয়া ডিমেরিট পয়েন্ট বাতিল করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত ৪ জুন পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় ওয়ানডেতে গাদ্দাফি স্টেডিয়ামের পিচকে ‘আনস্যাটিসফ্যাক্টরি’ বা অসন্তোষজনক রেটিং দিয়েছিলেন ম্যাচ রেফারি। এর ফলে ভেন্যুটির নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছিল।

পিসিবির আপিলের পর ম্যাচের ভিডিও ফুটেজ, ম্যাচ রেফারির প্রতিবেদন এবং সংশ্লিষ্ট দলের অধিনায়কদের দেওয়া মন্তব্য পর্যালোচনা করে নতুন করে সিদ্ধান্ত নেয় আইসিসির আপিল প্যানেল।

আপিল প্যানেল জানিয়েছে, ম্যাচ রেফারি আইসিসির পিচ ও আউটফিল্ড মনিটরিং প্রক্রিয়ার নির্দেশনা অনুসরণ করেই রেটিং দিয়েছিলেন। তবে পর্যালোচনায় দেখা গেছে, পিচে অতিরিক্ত অসমান বাউন্স বা অতিরিক্ত স্পিনের প্রভাব ছিল না। ফলে গাদ্দাফি স্টেডিয়ামের উপর আরোপ করা ডিমেরিট পয়েন্ট প্রত্যাহার করা হয়েছে।

অন্যদিকে, কানাডার কিং সিটি, টরন্টোর ম্যাপল লিফ ক্রিকেট গ্রাউন্ডের ক্ষেত্রেও একটি ডিমেরিট পয়েন্ট প্রত্যাহার করেছে আইসিসি। ৮ জুন যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের ম্যাচের জন্য ভেন্যুটিকে ‘আনস্যাটিসফ্যাক্টরি’ রেটিং দেওয়া হয়েছিল। আপিলের পর ওই ডিমেরিট পয়েন্টও বাতিল করা হয়েছে।

তবে ১৬ জুন কানাডা ও নেদারল্যান্ডসের ম্যাচে ‘আনফিট’ রেটিংয়ের কারণে ম্যাপল লিফ ক্রিকেট গ্রাউন্ডের উপর আরোপ করা তিন ডিমেরিট পয়েন্ট বহাল রেখেছে আইসিসি।

ফলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গাদ্দাফি স্টেডিয়ামের ডিমেরিট পয়েন্ট এখন শূন্য। অন্যদিকে, ম্যাপল লিফ ক্রিকেট গ্রাউন্ডের রেকর্ডে রয়েছে তিন ডিমেরিট পয়েন্ট।



শেয়ার করুন :