কিছু সিদ্ধান্তে আমাদের ভুল হয়েছে : অধিনায়ক জ্যোতি

মোশারফ হোসাইন মোশারফ হোসাইন প্রকাশিত: ১১:২২ এএম, ২১ অক্টোবর ২০২৫
কিছু সিদ্ধান্তে আমাদের ভুল হয়েছে : অধিনায়ক জ্যোতি

সহজ ম্যাচ দুঃখজনক ভাবে হার; বিষয়টি একমাত্র বাংলাদেশ ক্রিকেট সবচেয়ে ভালো পারে! ছেলেরা তো বটেই, মেয়েরাও এ তালিকায় যুক্ত। যার আরও এক জলজ্যান্ত প্রমাণ চলমান ওয়ানডে নারী ক্রিকেট বিশ্বকাপে শ্রীলঙ্কা ম্যাচ।

২০৩ রানের লক্ষ্য ব্যাট করতে নেমেছিল টাইগ্রেসরা। ৯৮ বলে ৭৭ রানের দীর্ঘ একটা ইনিংসও খেলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শেষ ওভারে ৯ রানের লক্ষ্য তারা করতে গিয়ে সাজঘরে ফিরেন তিনি। শুধু জ্যোতি নয়, শেষ ওভারেই চার উইকেট হারিয়ে খুব বাজেভাবে হারে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

এটাই একমাত্র ম্যাচ হার তা নয়, বিশ্বকাপে এর আগেও দুটি ম্যাচ খুব কাছে গিয়ে হাতছাড়া করেছে বাংলাদেশ নারী দল। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে একইভাবে হেরেছে তারা, শেষ ওভারে।

শ্রীলঙ্কার কাছে ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে আসেন নিগার সুলতানা জ্যোতি। অবশ্য ততক্ষণে ড্রেসিং রুমে কান্না করছেন দলের কয়েকজন। জ্যোতির চোখের কোনেও ছিল জমাট বাঁধা জল।

তারা যে শুধু এই ম্যাচ হেরে কান্না করছেন তা নয়, এর আগেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর একইভাবে কেঁদেছেন নারী ক্রিকেটাররা। প্রশ্ন থেকে যায়, এই কান্নার শেষ কোথায়?

সংবাদ সম্মেলনে জ্যোতির কাছে প্রশ্ন ছিল, ‘তীরে তরি ডোবার ব্যাপারটা, দুর্ভাগ্য নাকি ভুল? অবশ্য দুর্ভাগ্য এতবার হওয়ার কথা না। আপনি কীভাবে ব্যাখ্যা করবেন?’

জবাবে অধিনায়ক বলেন, “এটা ভুল, অবশ্যই ভুল। কারণ যদি একটা ম্যাচ হতো একটা বিষয় ছিল। যেহেতু এটা ছিল তৃতীয়তম ম্যাচ, আমার কাছে মনে হয় আমরা ভুলই করি। কারণ ওই মুহূর্তে যা প্রয়োজন; হয়তো আমরা করতে পারছি না, তাই এ জন্য এমনটা হচ্ছে।”

তিনি আরও বলেন, “কেন আমরা এই লক্ষ্য পৌঁছাতে শেষ পর্যন্ত যাব? আমাদের ভুল। হয়তো কিছু সিদ্ধান্তে আমাদের ভুল হয়েছে। এবং মাঝে কিছু বোলারকে আমরা ব্যবহার করতে পারিনি, যখন তাদের ব্যবহার করার দরকার ছিল।”

শ্রীলঙ্কার বিপক্ষে এ ম্যাচ হেরে যাওয়ায় বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলার আশা থেকে ছিটকে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফলে ভারতের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলে দেশের পথে বিমান ধরবে হবে নিগার সুলতানা েজ্যোতিদের।



শেয়ার করুন :