বাইছাইপর্বের পাঁচ ম্যাচের পাঁচ জয়ে বিশ্বকাপ খেলার দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ নারী দল। তবে নেদারল্যান্ডের কাছে যুক্তরাষ্ট্র হেরে যাওয়ায় বাছাইপর্বের দুই ম্যাচ বাকি থাকতেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিলো নিগার সুলতানা জ্যোতির দল।
বাছাইপর্বের সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে বিশ্বকাপে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ নারী দল। বাকি থাকা দুই ম্যাচের মধ্যে একটি জিতলে কিংবা পরিত্যাক্ত হলেও বিশ্বকাপ খেলা নিশ্চিত করতো নিগার সুলতানা জ্যোতিরা।
তবে এর আগে সুপার সিক্সের ম্যাচে নেদারল্যান্ড নারী ক্রিকেট দল যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেওয়ায় বিশ্বকাপে বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলা নিশ্চিত হয়ে যায়।
যুক্তরাষ্ট্রকে হারিয়ে নেদারল্যান্ডও টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবে নেদারল্যান্ড নারী ক্রিকেট দল।
বুধবার (২৮ জানুয়ারি) কির্তিপুরের থিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টি আইনে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারায় নেদারল্যান্ডস।
টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১২৯ রান করে যুক্তরাষ্ট্র। জবাবে ১২ ওভারে ২ উইকেটে ৯০ রান করার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে তখন ডাচদের জয়ের জন্য দরকার ছিল ৭০ রান। সেই লক্ষ্য ছাড়িয়ে আরও ২০ রান বেশি করায় ২১ রানের জয় পেয়ে যায় নেদারল্যান্ড।
নেদারল্যান্ডসের সঙ্গে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত হয় বাংলাদেশের। তবে তিন ম্যাচে দুই দলেরই সংগ্রহ ৬ পয়েন্ট থাকলেও রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ।
